সমঝোতায় না আসলে গণতন্ত্র ফের হুমকিতে পড়বে : আকবর আলি

আপডেট : ২৯ মার্চ ২০১৪, ২২:৫৪
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, সংবিধানের সংশোধন রাজনীতিকে তেমন প্রভাবিত করে না। দেশে প্রকৃত গণতন্ত্র চর্চা করতে হলে রাজনৈতিক দলগুলোর মানসিকতার পরিবর্তন আবশ্যক। সংবিধানে লেখা থাকবে এক রকম কিন্তু রাজনৈতিক দলগুলো আচরণ করবে অন্য রকম, সে সংবিধান কোন ফল বয়ে আনবে না। তত্ত্বাবধায়ক বা নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে বড় দলগুলোর মধ্যে সমঝোতা না হলে গণতন্ত্র আবারও হুমকির মুখে পড়বে। গতকাল শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ‘বাংলাদেশের সংবিধান পর্যালোচনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। গণতান্ত্রিক আইন ও সংবিধান আন্দোলন এ অনুষ্ঠানের আয়োজন করে। ড. আকবর আলী খান বলেন, দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্থানীয় সরকারকে শক্তিশালীকরণ, সরকারের জনগুরুত্বপূর্ণ বিষয়ে গণভোটের আয়োজন এবং সরকারের মেয়াদ ৩ বা ৪ বছর করা দরকার। প্রবীণ রাজনীতিক হায়দার আকবর খান রনো বলেন, সংবিধানের কাঁটাছেড়া আমাদের পিছিয়ে দিয়েছে। দলীয় স্বার্থেও সংবিধানে পরিবর্তন জাতীয় সংকট তৈরি করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক হারুন রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মিজানুর রহমান খান, ব্যারিস্টার সাদিয়া রহমান প্রমুখ।