অসম্ভব কোনো কিছু খোঁজার উদাহরণ দিতে আমরা প্রায়ই খড়ের গাদায় সুঁই খোঁজার বিষয়টি টেনে আনি। তবে বাস্তবে কোনো খোঁজাখুঁজির কাজ যে এর চেয়েও কঠিন হতে পারে একরকম ইতিহাস গড়েই তা সবাইকে জানিয়ে দিলেন আমেরিকার ওকলোহোমা অঙ্গরাজ্যের পশু চিকিত্সক ডা. গ্যারি ম্যাকনেইল। একটি কুকুরের শরীরে জরুরি অস্ত্রোপচার করতে যেয়ে নিজের মহামূল্যবান বিয়ের আংটিটি হারিয়ে ফেলার পর শেষতক সেটি তিনি খুঁজে বের করেন শহরের ময়লার ডিপো থেকে। ঘটনার বিবরণে জানা যায়, আংটি হারানোর দিন নিজের অভ্যাস বশতই আংটি খুলে পাশের টেবিলের ওপর রেখে কুকুরটির শরীরে অস্ত্রোপচার করছিলেন গ্যারি। তবে কাজ শেষে নিজের আংটিটি তুলে নিতে ভুলে যাওয়ায় সেটি টেবিল থেকে ময়লা রাখার ঝুড়িতে চলে যায়। আর বিষয়টি যখন গ্যারি বুঝতে পারেন ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে। মূলত নিজের ডিজাইনে তৈরি করা এই বিয়ের স্মারকটির সাথে শুধুমাত্র যে গ্যারি ও গ্যারির স্ত্রী বারবারার দশ বছরের বিয়ের স্মৃতি জড়িয়ে ছিল তা-ই নয়, বরং বিশেষ ভাবে তৈরি এই আংটির মাঝে মুদ্রিত ছিল গ্যারির পারিবারিক উত্তরাধিকারের নানা প্রতীকী চিহ্নও। আর তাই আংটিটি হারিয়ে যার পর নাই বিচলিত হয়ে পড়েছিলেন গ্যারি ম্যাকনেইল। এজন্য প্রথমে পশু হাসপাতালের সামনে স্থাপিত ময়লার বক্সেও যখন তিনি আংটিটি খুঁজে পেতে ব্যর্থ হন তখন সাথে সাথেই বিষয়টি জানিয়ে দেন ওকলোহোমা শহরের আবর্জনা ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তা শন ককরেলকে। যেখানে প্রতিদিন ওকলোহোমার এই ময়লার ডিপোতে গড়ে ২০০০ টন করে আবর্জনা জমা হয় সেখানে এই পরিমাণ আবর্জনার মধ্য থেকে ক্ষুদ্রাতিক্ষুদ্র একটি আংটি খোঁজার অনুরোধে হয়তো এক বাক্যেই না করে দেওয়ার কথা। তবে ১৭ বছরের কর্মজীবনে এর আগেও একবার এ ধরনের আংটি খুঁজে বের করার রেকর্ড থাকায় হাল ছাড়তে রাজি হননি ককরেল। বরং গ্যারি ও তার স্ত্রী বারবারাকে নিয়ে খুব দ্রুতই ময়লার স্তূপে আংটি অনুসন্ধান শুরু করেন তিনি। এজন্য প্রথমেই তিনি খুঁজে বের করার চেষ্টা করেন যে গ্যারির হাসপাতাল থেকে যে ট্রাকগুলো ময়লা নিয়ে আসে সেগুলো ডিপোর কোনো অংশে সেই ময়লা ফেলে। আর এভাবে খোঁজার স্থান সম্পর্কে নিখুঁত পরিকল্পনার কারণেই শেষ পর্যন্ত একটি ময়লার বস্তা থেকে সন্ধান মেলে গ্যারি ম্যাকনেইলের সেই বিয়ের আংটির খোঁজ।
