জেলা শহরের ওয়ালী নেওয়াজ খান কলেজের হিসাব বিজ্ঞান (সম্মান) বিভাগের প্রথমবর্ষের ছাত্র শফিক আজাদকে খুনের দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডিতরা হলো: পিপলু ও সজীব। তন্মধ্যে সজীব পলাতক রয়েছে। কিশোরগঞ্জের তৃতীয় আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ গতকাল বুধবার এই রায় ঘোষণা করেন। সাক্ষ্য-প্রমাণের অভাবে অভিযুক্ত অপর তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়।
মামলার বিবরণে প্রকাশ, ১৯৯৯ সালের ২৮ ডিসেম্বর সন্ধ্যায় শফিক আজাদ ও তার বড়ভাই রফিকুল ইসলাম ঈদের কেনাকাটার জন্য তেরিপট্টি বাজারে যায়। তারা গেঞ্জিমহালের পাভেল গার্মেন্টসের সামনে আসা মাত্র কিরিচ ও ছোরা নিয়ে শফিক আজাদের ওপর হামলা চালায়। তাকে গুরুতর অবস্থায় বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়েরের পর পুলিশ তদন্তশেষে পাঁচজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
