জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল উদ্ধার, নতুন হল নির্মাণ ও ক্যাম্পাস থেকে বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা স্থানান্তরের দাবিতে ক্যাম্পাসের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করেছে আন্দোনরত শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত উচ্চক্ষমতা সম্পন্ন কমিটির প্রতিবেদন ইতিবাচক না হলে ৩ এপ্রিল সচিবালয় ঘেরাও করার হুমকি দিয়েছে হল উদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদ। গতকাল রবিবার পূর্ব নির্ধারিত কর্মসূচি থেকে এসব ঘোষণা দেন হল উদ্ধার পরিষদের আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এফএম শরিফুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বেদখলকৃত হল উদ্ধার, নতুন হল নির্মাণসহ বিভিন্ন দাবিতে সকাল ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ সবগুলো ফটক বন্ধ করে প্রধান ফটকের সামনে বসে পড়ে গুলিস্তান-সদরঘাট সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়া হয়নি। এসময় শাখারীবাজার মোড়, বাহাদুরশাহ পার্ক এলাকা ও বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখার ফটকের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। এতে আশপাশের রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। কোনো বিভাগে ক্লাস হয়নি।
এদিকে কর্মসূচির কারণে ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস বিভাগের গতকালকের সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। তবে ইংরেজি বিভাগের পরীক্ষা ৭ এপ্রিল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পরীক্ষা ৫ এপ্রিল এবং ইতিহাস বিভাগের পরীক্ষা ৬ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
