গঙ্গাচড়ায় তিন ডাকাতকে ছিনিয়ে নেয়ার চেষ্টা

আপডেট : ৩০ মার্চ ২০১৪, ২২:০৭
গঙ্গাচড়া উপজেলায় পুলিশের হাতে গ্রেফতারকৃত ৩ ডাকাতকে থানায় নিয়ে আসার সময় ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে সংঘবদ্ধ ডাকাত দল। এ সময় গঙ্গাচড়া থানার এসআই আমিনুল ইসলাম ও আব্দুল মালেকসহ ১০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০ রাউণ্ড শটগানের গুলি ছুঁড়ে। গত শুক্রবার গভীর রাতে উপজেলার খলেয়া-বেতগাড়ী খাপড়িখাল এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে গঙ্গাচড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, শুক্রবার গভীর রাতে খলেয়া-বেতগাড়ী সড়কের খাপড়িখাল এলাকায় সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা গাছের গুড়ি ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গঙ্গাচড়া থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ডাকাত সদস্য শাহাদত হোসেন, ইদ্রিস আলী ও ফরমান আলীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃতদের থানায় নিয়ে আসার পথে খলেয়া প্যারাগন পোল্ট্রি ফার্ম এলাকায় সংঘবদ্ধ ডাকাত দল তাদের ছিনিয়ে নিতে পুলিশের উপর আক্রমণ চালায়। ডাকাত দলের অতর্কিত হামলায় এসআই আমিনুল ইসলাম ও আব্দুল মালেকসহ ১০ জন আহত হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছুঁড়ে। এ ব্যাপারে গঙ্গাচড়া থানার ওসি এমএ মান্নানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ছিনতাইয়ের চেষ্টা, ডাকাতির প্রস্তুতি ও পুলিশের উপর হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।