আজ সাগরিকায় আলো নিভছে

আপডেট : ৩০ মার্চ ২০১৪, ২২:২৮
টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রাম পর্বের পর্দা নামছে আজ। শ্রীলংকা ও নিউজিল্যান্ডের মধ্যকার সন্ধ্যার খেলাটির পরপরই একে একে নিভে যাবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ফ্লাডলাইটগুলো। ক্রিকেট পাগল মানুষজন ফিরে যাবে আপন ঠিকানায়। আগামীকাল থেকে আর দেখা যাবে না স্টেডিয়াম অভিমুখী মানুষের স্রোত। এক নম্বর গ্রুপ থেকে সেমিফাইনালের টিকেট পাওয়া দু’টি দল চলে যাবে ঢাকায়। আর বাকি তিনটি দল ফিরে যাবে নিজের দেশে। খেলোয়াড়, কর্মকর্তা ও পর্যটকের ভিড়ে গমগম করা হোটেল লবি ফাঁকা হয়ে যাবে। থাকবে না নগরীর রাস্তাগুলোর মোড়ে মোড়ে লাগানো আলোকসজ্জা। নগরীটি আবার ফিরে যাবে তার পুরানো চেহারায়। গত ১৬ মার্চ নেপাল ও হংকংয়ের ম্যাচ দিয়ে চট্টগ্রাম পর্বের সূচনা হয়। গতকাল সোমবার পর্যন্ত সাগরিকা স্টেডিয়ামে বিশ্বকাপের ১৫টি ম্যাচ হয়েছে। এছাড়া মূল পর্বের আগে চারটি অনুশীলন ম্যাচ মাঠে গিয়ে দেখার সুযোগ পেয়েছেন চট্টগ্রামবাসী। ১২ মার্চ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তান ও নেদারল্যান্ডস এবং হংকং ও জিম্বাবুয়ের মধ্যে অনুশীলন ম্যাচ হয়। ১৪ মার্চ এমএ আজিজ স্টেডিয়ামে আরো দু’টি প্রস্তুতি ম্যাচ হয় আফগানিস্তান-জিম্বাবুয়ে এবং হংকং-নেদারল্যান্ডসের মধ্যে। প্রস্তুতি ম্যাচগুলোতে তেমন একটা দর্শক সমাগম না হলেও মূল পর্বের ১৫টি ম্যাচ দেখতে গ্যালারিতে ছিল উপচেপড়া ভিড়। গানের তালে নেচে-গেয়ে খেলা উপভোগ করেন তারা। দর্শক আধিক্যের সুযোগে পোয়াবারো হয় টিকেট কালোবাজারিদের। ৫০ টাকার গ্যালারির টিকেট হাজার টাকাতেও কেনাবেচা হয়। চট্টগ্রামের মাঠে বাংলাদেশের ম্যাচ ছিল মাত্র দু’টি। প্রথম ম্যাচে নেপালের বিরুদ্ধে আট উইকেটে জয়ী হয়েছিল। কিন্তু পরের ম্যাচে হংকংয়ের কাছে দুই উইকেটে পরাজিত হয়। এছাড়া জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের দর্শকরা কিছু অসাধারণ ক্রিকেট নৈপুণ্যের প্রত্যক্ষদর্শী হয়ে থাকবেন। এর মধ্যে উল্লেখ করার মত ঘটনা হচ্ছে বড় স্কোর করেও বৃষ্টি আইনে নিউজিল্যান্ডের কাছে ইংল্যান্ডের পরাজয়, শ্রীলংকার বিরুদ্ধে ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসের সেঞ্চুরি, নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার বোলার ডেল স্টেইনের ম্যাচ জয়ী স্মরণীয় বোলিং।