নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার সেমিতে ওঠার লড়াই

আপডেট : ৩০ মার্চ ২০১৪, ২২:২৯
শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড এক নম্বর গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠার কঠিন লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে। দু’টি দলই এ পর্যন্ত ৩টি করে ম্যাচ খেলে দু’টিতে জয়ী হয়েছে। যদিও রানরেটে এগিয়ে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দুইবারের রানার্স আপ শ্রীলঙ্কা। তবে আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া এ ম্যাচে যারা জিতবে তারাই পেয়ে যাবে সেমিতে যাওয়ার টিকেট। তাই রান রেট আজকের ম্যাচে ভূমিকা রাখবে সামান্যই। অপরদিকে দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে এরই মধ্যে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া দু’দল ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। এ ম্যাচের ফলাফল গ্রুপের ভাগ্য নির্ধারণে কোনো ভূমিকা রাখবে না। চার খেলায় ৩ জয় ১ পরাজয়ে এ গ্রুপ থেকে ইতিমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কা সুপার টেন পর্ব শুরু করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ রানের জয় দিয়ে। দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৯ উইকেটে জয় পেলেও তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে তারা হার মানে ৬ উইকেটে। অন্যদিকে, বৃষ্টি আইনে ইংল্যান্ডকে ৯ রানে হারিয়ে সুপার টেনের যাত্রা শুরু করে নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারে মাত্র ২ রানে। তৃতীয় ম্যাচে নেদাল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে সেমিতে ওঠার লড়াইয়ে টিকে থাকে কিউইরা। শ্রীলঙ্কা ২০০৯ ও ২০১২ টি২০ বিশ্বকাপ আসরে রানার্স আপ হয়। এছাড়া ২০১১ আইসিসি ক্রিকেট বিশ্বকাপেও রানার্স আপ হয় তারা। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে নিজেদের আত্মবিশ্বাস অনেকটাই চাঙ্গা করেই টি২০ আসরে পা রেখেছে দীনেশ চণ্ডিমলের দল। অন্যদিকে ২০০৭ সালে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত ওঠার সুযোগ হলেও পরের তিনটি আসরে সুপার এইটের গণ্ডি পার হতে পারেনি কিউইরা। তবে আজ শ্রীলঙ্কাকে হারাতে পারলে ৭ বছর পর আবারও সেই সুযোগে ব্রেন্ডন ম্যাককালামের দলের সামনে। নিয়মিত অধিনায়ক দীনেশ চণ্ডিমলকে ছাড়াই আজ মাঠে নামছে শ্রীলঙ্কা। অন্যদিকে কিউই স্কোয়াডে পরিবর্তনের সম্ভাবনা সামান্যই। সর্বশেষ ম্যাচের উইনিং কম্বিনেশন ভাঙ্গতে চাইছে না ব্ল্যাক ক্যাপসরা।