বয়স হয়ে গেছে প্রায় ৩২ ছুঁই ছুঁই। ক্যারিয়ারের সুবর্ণ সময়টা পেছনে ফেলে এসেছেন বেশ আগে। উঠতি সব খেলোয়াড়ের ভিড়ে ব্রাজিল দলে জায়গাটাও নড়বড়ে। তবে তাই বলে নিজের দেশে বিশ্বকাপ খেলার স্বপ্নটা এতটুকু ফিকে হয়নি কাকার। আর লুই ফেলিপে স্কলারির বিশ্বকাপ দলে জায়গা করে নিতে এসি মিলানের হয়ে মৌসুমের বাকি সময়টা কাজে লাগাতে মরিয়া এই মিডফিল্ডার।
রিয়াল মাদ্রিদে অনিয়মিত হবার পর এ মৌসুমের শুরুতে ফেরেন নিজের পুরনো ঠিকানা এসি মিলানে। মিলানে নিজের দ্বিতীয় সফরে আগের সেই চেহারায় পুরোপুরি দেখা দিতে না পারলেও মাঝে মাঝেই দেখাচ্ছেন পুরনো ঝলক। রোজানেরিদের হয়ে ৩০০ তম ম্যাচে গত শনিবার ভেরোনার বিরুদ্ধে দুটি গোল করে দলের ৩-০ গোলের জয়ে রেখেছেন বড় ভূমিকা। আর এভাবে খেলে যেতে পারলে আগামী জুন মাসে অনুষ্ঠেয় ব্রাজিল বিশ্বকাপের দলে জায়গা করে নেয়াটা মোটেই অসম্ভব নয় জানিয়ে কাকা বলেন, ‘বিশ্বকাপের এখনো অনেকটা দেরী আছে। সেখানে (জায়গা পেতে হলে) আমাকে শুধু মিলানের হয়ে ভাল খেলে যেতে হবে। মে মাসে সাত তারিখে বিশ্বকাপ দল ঘোষণা করা হবে। আমার বিশ্বাস, সে দলে থাকার যথেষ্ট সুযোগ এখনো আমার সামনে আছে।’
গত বছর রাশিয়া এবং ইতালির বিরুদ্ধে প্রীতি ম্যাচে ব্রাজিলের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন ব্যালন ডি’অর জয়ী এই তারকা।
জাতীয় দলে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী হলেও মিলানের হয়ে ভবিষ্যতের বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানালেন না রিয়াল মাদ্রিদ ব্যর্থ তিনটি মৌসুম কাটানো এই তারকা, ‘আমি এখানে সুখেই আছি এবং এখানেই থাকতে চাই। তবে কিছু বিষয় দেখার আছে। যেগুলো হয়তো নির্ধারণ করবে সব কিছু।’
ধারণা করা হচ্ছে, মিলান যদি চ্যাম্পিয়ন্স লিগে উত্তরণ করতে না পারে সেক্ষেত্রে আমেরিকার মেজর লিগ সকারের দল অরলান্ডো সিটি সকার ক্লাবে যোগ দিতে পারেন কাকা। মিলানের সাথে চুক্তিপত্রেও উল্লেখ আছে মৌসুম শেষে কাকার দল ছাড়ার সুযোগের বিষয়টি। সে কথার সত্যতা জানালেন মিলানের প্রধান নির্বাহী আদ্রিয়ানো গ্যালিয়ানিও, ‘(চাইলে দল ছাড়তে পারবে) এমন বিষয় রিকির (রিকার্ডো) চুক্তিপত্রে উল্লেখ আছে। তবে আমরা আশাবাদী সে এটা ব্যবহার করবে না।’
এদিকে, অরলান্ডো সকার ক্লাবের প্রতিষ্ঠাতা ও মালিক ফিলিপ রওলিন্স গত শনিবার এক টুইটার বার্তায় আগাম স্বাগতই জানিয়ে রাখলেন কাকাকে, ‘তুমি যদি প্রস্তুত থাকো তাহলে আমরাও প্রস্তুত রিকার্ডো।’
