জন টেরির আত্মঘাতি গোলে গত রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের কাছে ১-০ গোলের হারে চেলসির লিগ শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন দলটির কোচ হোসে মরিনহো। তবে চেলসি হারলেও ওয়েই রুনির দুই গোলে নিজেদের মাঠে অ্যাস্টন ভিলাকে ৪-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে, রাতের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে আর্সেনালের মাঠে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে আরেক শিরোপা প্রত্যাশী ম্যানচেস্টার সিটি। আর চেলসি-সিটির এই পয়েন্ট খোয়ানোতে সুবিধা হয়েছে লিভারপুলের। অ্যানফিল্ডে গতকাল রাতেই অনুষ্ঠিত হওয়া টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে ম্যাচে জিতে গেলে এরই মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে তারা।
চেলসির অপ্রত্যাশিত হারে নিশ্চিত হয়ে যায়, আর্সেনালের বিরুদ্ধে এমিরেটস স্টেডিয়ামে জিতলেই গোল ব্যবধানে চেলসিকে টপকে শীর্ষে উঠে যাবে তারাই। আর খেলার প্রথম মিনিট থেকেই একের পর এক আক্রমণ রচনা করে সে পথে অনেকটা এগিয়েও যায় সিটি। ডেভিড সিলভার গোলে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দিয়ে ম্যাচের অষ্টাদশ মিনিটে এগিয়ে যায় সিটি। এরপর প্রথমার্ধের বাকিটা সময় আক্রমণ চালিয়ে গেলেও ব্যবধান বাড়াতে পারেনি ম্যানুয়েল পেলিগ্রিনির দল।
তবে দ্বিতীয়ার্ধে কৌশল পাল্টে খেলতে শুরু করা আর্সেনাল গোল করে বসে অনেকটা খেলার ধারার বিপরীতেই। ম্যাথিউ ফ্লামিনির দারুণ এক গোলে খেলায় সমতা ফেরায় তারা। এই ড্রয়ের পরও অবশ্য শীর্ষে ফেরার সুযোগ শেষ হয়ে যায়নি সিটির। ৩০ খেলা শেষে ৬৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সিটি। আর ৩১ খেলায় ৬৮ পয়েন্ট নিয়ে চেলসির চাইতে মাত্র এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। অর্থাত্ গতকাল রাতে যদি তারা জিতে যায় তাহলে এরই মধ্যে শীর্ষে উঠে গেছে স্টিফেন জেরার্ডের দল। তবে এই খনিকের আনন্দে গা ভাসিয়ে দিলে সামনে বড় বিপদ অপেক্ষা করছে বলে এরই মধ্যে সতীর্থদের সতর্ক করে দিয়েছেন জেরার্ড। অল রেড অধিনায়ক বলেন, ‘আমাদের একটা কথাই মাথায় রাখতে হবে যে, আমরা এখন পর্যন্ত কিছুই জিততে পারিনি। আমরা শিরোপা দৌড়ে আছি এটা সত্যি। তবে অভিজ্ঞতা থেকে আমি জানি আপনি কখনোই আনন্দে গা ভাসিয়ে দিতে পারবেন না।’ আর করণীয় সম্পর্কেও জানিয়ে দিয়েছেন জেরার্ড, ‘আমাদের এখন থেকে প্রতিটি ম্যাচই ফাইনাল মনে করে খেলতে হবে। যদি মৌসুমের অবশিষ্ট ম্যাচগুলোতে আমরা এই মানসিকতা ধরে রাখতে পারি তাহলে অবশ্যই ভাল করা সম্ভব।’
এদিকে গত কয়েক ম্যাচেই ক্রমাগত হতাশাজনক ফল করে যাওয়া চেলসি কোচ মনে করছেন, ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ঐ হারে চেলসির শিরোপা জয়ের আশা শেষই হয়ে গেছে। এই পর্তুগিজ বলেন, ‘আমি জানি গাণিতিকভাবে আমাদের এখনও সুযোগ আছে। তবে গণিত আর বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন জিনিস। আমি জানি এই ব্যবধানটা ঘোচানো কতটা কঠিন।’
