তানোরে আদালতের নির্দেশে ৬ আদিবাসী পরিবারকে উচ্ছেদ করলো প্রশাসন

আপডেট : ৩০ মার্চ ২০১৪, ২৩:০৩
আদালতের নির্দেশে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার বাসিন্দা ৬ আদিবাসী পরিবারের বসতবাড়ি ভেঙ্গে ডিক্রীধারীকে দখল বুঝিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। গতকাল রবিবার দুপুরের পর জেলা জজ আদালতের হেড নাজিরের নেতৃত্বে তানোর থানা পুলিশের সহায়তায় অর্ধশত শ্রমিক ওইসব আদিবাসী পরিবারের বসতবাড়ি ভেঙ্গে বাদীপক্ষকে তাদের নালিশী সম্পত্তি বুঝিয়ে দেন। এবিষয়ে ভুক্তভোগী আদিবাসী পরিবারের অভিযোগ, কোন নোটিস ছাড়াই প্রশাসন তাদের বসতবাড়ি আকস্মিক ভেঙ্গে দেয়ায় তাদের দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী আদিবাসী মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লি¬ষ্ট সূত্র জানায়, উপজেলার পাঁচন্দর মৌজার মাহালীপাড়া মিশনের পার্শ্বে দীর্ঘ ৩০ বছর ধরে বেশ কয়েকটি আদিবাসী পরিবার বসতবাড়ি নির্মাণ করে বসবাস করছিল। এরা হলেন লগেন মুর্মু, কবিরাজ মুর্মু, আনজিলা টুডু, মহান হাঁসদা, সমুরা টুডু, লতিয়া কিস্কু। কিন্তু মুন্ডুমালা পৌরসভার সাদিপুর গ্রামের ফজলুর রহমান, এসতাব আলী ও আনিসুর রহমান আদিবাসীদের ওই বসতবাড়ির মালিকানা দাবি করে ১১ বছর আগে তানোর সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় গত বছর ডিসেম্বর মাসে বাদীর পক্ষে রায় দিয়ে আদালত ফজলুর রহমান, এসতাব আলী ও আনিসুর রহামানকে নালিশী সম্পত্তি বুঝিয়ে দেবার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তানোর থানার ওসি বজলুর রশিদ জানান, আদালতের নির্দেশে পুলিশ সকল নিয়মকানুন মেনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। আদালতের হেড নাজিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের উচ্ছেদ সংক্রান্ত কোন তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন।