জবিতে হল উদ্ধারের দাবিতে অবস্থান ধর্মঘট, বিক্ষোভ

আপডেট : ৩১ মার্চ ২০১৪, ২১:২৫
বেদখল হল উদ্ধারসহ বিভিন্ন দাবিতে সোমবার প্রধান ফটকের সামনে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি আদায়ে আজ মঙ্গলবারও কর্মসূচি পালন করবে তারা। সোমবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট করে হল পুনরুদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদ। ফটকের সামনে অবস্থান কর্মসূচির ফলে শিক্ষক-শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করতে না পারায় বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে ক্লাস হয়নি। কর্মসূচি শেষে হল পুনরুদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ বলেন, এখন পর্যন্ত শিক্ষামন্ত্রণালয়ের গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি। আগামী ২ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটির প্রতিবেদন ইতিবাচক না হলে দাবি আদায়ে ৩ এপ্রিল সচিবালয় ঘেরাও করা হবে।