টাঙ্গাইলে শিশু হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ডাদেশ

আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ২২:২৫

টাঙ্গাইলে শিশু জুয়েল হাসান হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ মো. শওকত আলী চৌধুরী এ আদেশ দেন। দণ্ডিত ব্যক্তি হলেন টাঙ্গাইল সদর উপজেলার বিল মাগুরাটা গ্রামের আব্দুর রহিম  ।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার বিল মাগুরাটা গ্রামে ২০১৬ সালের ১৮ নভেম্বর রাতে ধর্মসভা চলার সময় পাশে চায়ের দোকান দেয় শিশু জুয়েল হাসানের বাবা শহিদুর রহমান ও মাতা রোজিনা বেগম। চায়ের দোকানে শিশু জুয়েল অবস্থান করছিল। রাত সাড়ে ১০টার দিকে জুয়েল দোকান থেকে চলে যায়। পরে রাত ১টার দিকে ধর্মসভা শেষ হলেও জুয়েল বাড়ি ফিরেনি। পরদিন সকাল সাড়ে ৯টায় একই উপজেলার পিচুরিয়া গ্রামের গোরস্থানের দক্ষিণ পাশে ধান ক্ষেত থেকে জুয়েলের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।

জুয়েলের মা রোজিনা বেগম বাদি হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটি টাঙ্গাইল ডিবিতে পাঠানো হয়। হত্যার সঙ্গে জড়িত অভিযোগে ২০১৭ সালের ৪ জানুয়ারি আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়। পরদিন ৫ জানুয়ারি সে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ হামিদুল ইসলামের কাছে জুয়েল হাসান হত্যার বিবরণ তুলে ধরে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়।