পঞ্চগড়ের আটোয়ারী, রাজবাড়ী, নবাবগঞ্জ ও টাঙ্গাইলের দেলদুয়ারসহ বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডে গবাদিপশু, স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ ব্যাপক ক্ষতি হয়েছে। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
আটোয়ারীতে ১৪ বাড়িতে আগুন
পঞ্চগড়ের আটোয়ারীর নলপুখুরী গ্রামে গত রবিবার দুপুরে অগ্নিকাণ্ডে ১৪টি পরিবারের বসতবাড়িসহ আসবাবপত্র পুড়ে যায়। গ্রামবাসী জানায়, গনি মিয়ার রান্নাঘর হতে আগুন লেগে আনারুল, সামসুল, ফারুক, ফয়জুল, আলম, কালতাই, লাইলী, পজির, ওসমান, নহিম, সহিদুল, মইনুল, শাহ আলমের পুড়ে যায়। এলাকাবাসী ও বোদা এবং পঞ্চগড়ের দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১৪টি পরিবারের প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান, কামরুজ্জামান গোলাপ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল আলম, ইউপি চেয়ারম্যান মো. আ. সামাদ আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারের মাঝে ২০ কেজি করে চাল, কম্বল ও দুপুরের খাওয়ার ব্যবস্থা করেন।
রাজবাড়ীতে ১৩টি ঘর ভস্মিভূত
রাজবাড়ী জেলা সদরে কালুখালী উপজেলায় গত রবিবার পৃথক অগ্নিকাণ্ডে ১৩টি ঘর পুড়ে গেছে। রাজবাড়ীর ফায়ার সার্ভিস সূত্র জানায়, উপজেলার গোয়ালপাড়া গ্রামের চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় লোকমান মোল্লা ও তার প্রতিবেশীদের নগদ ১ লাখ টাকা, বসতঘর ও মালামালসহ আটটি ঘর ভস্মিভূত হয়। বেলা আড়াইটায় জেলা সদরের কাজিবাঁধা গ্রামে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আলমগীর পাটোয়ারী ও তার প্রতিবেশীদের বসতঘর ও মালামালসহ ৫টি ঘর পুড়ে যায়।
নবাবগঞ্জে পল্লী বিদ্যুত্ অফিসের সামনে আগুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদর পানালিয়া এলাকায় গত রবিবার সকালে ঢাকা পল্লী বিদ্যুত্ সমিতি-২ এর অফিসের সামনে আগুন লেগে অফিসের বেষ্টুনি ও আশপাশের থাকা চারা গাছ পুড়ে গেছে। পল্ল¬ী বিদ্যুত্ অফিসের সামনে খুঁটির উপরে থাকা যন্ত্রাংশ থেকে আগুনের সূত্রপাত।
পল্ল¬ী বিদ্যুত্ অফিসের সহকারী হিসাবরক্ষক মোক্তার হোসেন জানান, সকাল ১০টার দিকে অফিসের সামনের খুঁটির উপর থাকা যন্ত্রাংশে আগুন লাগে। সেখান থেকে আগুনের স্ফুলিং নিচে ড্রেনে পড়লে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। ঢাকা পল্ল¬ী বিদ্যুত্ সমিতি ২ এর জি, এম মো. রবিউল ইসলাম জানান, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুনে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।
দেলদুয়ারে অগ্নিকাণ্ডে ১২টি বাড়ি পুড়ে গেছে
টাঙ্গাইল দেলদুয়ারের কাতুলীতে গত রবিবার দুপুরে অগ্নিকাণ্ডে ১২টি বাড়ি পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ১০ জন আহত ও একটি গরু মারা গেছে। আগুন নিভাতে টাঙ্গাইল, মির্জাপুরসহ আশেপাশের দমকল বাহিনীর তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সব কিছু পুড়ে যায়। আগুনে নওয়াব আলী, আন্তাব মিয়া, আরশেদ মিয়া, ইসমাইল, আরফান, ইউনুস, সিদ্দিক ও ইদ্রিস মিয়ার বাড়িসহ ১২টি বাড়ির ধান, চাল, কাপড়-চোপড়, টাকা-পয়সাসহ সব কিছু পুড়ে যায়। আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। দেলদুয়ারের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এস এম ফেরদৌস আহমেদ ও লাউহাটি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ফিরোজ ঘটনাস্থল পরিদর্শন করেন।
মধুখালীর গাজনা বাজারে ৫টি দোকান পুড়ে গেছে
ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা বাজারে গত রবিবার রাতে অগ্নিকাণ্ডে ৫টি ব্যবসায়ী প্রতিষ্ঠান পুড়ে গেছে। আগুনে ব্যবসায়ী বাবলু কুমারের পোদ্দার স্টোর মালামালসহ ১২ লাখ টাকা, বিল্লাল সরদারের সরদার ফুড ট্রেডার্স নগদ টাকাসহ ২ লাখ টাকা, মলয় কুমার সাহার সাহা স্টোর নগদ টাকাসহ ৬ লাখ টাকা এবং বিশ্বনাথ আচার্য্যর আচার্য্য স্টোর নগদ টাকাসহ ২ লাখ টাকাসহ মোট ২২ লাখ টাকার ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্তরা জানান। ফরিদপুরের ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর একটি দল আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে পাঁচটি দোকান পুড়ে যায়।
আদমদীঘিতে বসতবাড়িতে আগুন
বগুড়ার আদমদীঘিতে গত রবিবার রাতে আগুনে বসতবাড়ি দুই ঘরের টিনের ছাউনিসহ আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। জানা যায়, আদমদীঘির তেঁতুলিয়া গ্রামের সুলতানের বাড়ির গোয়ালঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়।
