ভারতে ধর্মনিরপেক্ষতা রক্ষা করাও কংগ্রেসের নির্বাচনী লক্ষ্য

আপডেট : ৩১ মার্চ ২০১৪, ২৩:০৪
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী আসন্ন লোকসভা নির্বাচনে জিততে পারলে তার সরকারের নেতৃত্বে ভারতে উন্নয়নের জোয়ার বয়ে যাবে বলে যে প্রতিশ্রুতি দিয়ে চলেছেন তার কঠোর সমালোচনা করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তিনি বলেছেন, লোকসভা নির্বাচন কেবল রাষ্ট্রীয় উন্নয়নের নির্বাচন নয়। এটা ভারতের সব ধর্ম ও বর্ণের অধিকার রক্ষার নির্বাচন। ধর্মনিরপেক্ষতার মূল্যবোধ ভারতের সংবিধানে নিহিত। এবার ভারতের জনগণকে বিজেপি কঠিন পরীক্ষার মধ্যে ঠেলে দিয়েছে বলে সোনিয়া উল্লেখ করেছেন। সোনিয়া আরো বলেন, সংবিধানের মূল্যবোধ সমুন্নত রাখার মাধ্যমে আমাদের স্বাধীনতা যুদ্ধের বীর সেনানীদের সম্মান জানাতে পারি। বিজেপি ক্ষমতায় এলে সেই মূল্যবোধ ধুলিস্মাত্ হবে। সব ধর্মের মানুষের অধিকারকে সম্মান করবে না মোদীর সরকার। আমরা এমন একটি দেশের জন্য লড়াই করব যেখানে আপনি কোন ধর্মের সেই প্রশ্ন গুরুত্ব পাবে না, আপনার ভাষা কি তা দেখা হবে না, কোন গোত্রে আপনার জন্ম তাও জানতে চাওয়া হবে না। আমাদের সরকারে সবাই সমান। সবার অধিকার সমান। উন্নয়নের অংশীদার সবাই সমানভাবে হবেন। কংগ্রেসের নির্বাচনী ইশতেহার সেভাবেই তেরী করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।