ব্রাদার্স সেমিফাইনালে

আপডেট : ০১ এপ্রিল ২০১৪, ২২:২৯
ব্রাদার্স ২ বিজেএমসি ১ গত নভেম্বরে ফেডারেশন কাপ ফুটবলের গ্রুপ পর্বের খেলায় বিজেএমসি ২-১ গোলে হারিয়েছিল ব্রাদার্স ইউনিয়নকে। সেই ব্রাদার্স গতকাল মঙ্গলবার একই টুর্নামেন্টের খেলায় সেই হারটির শোধ নিয়েছে। ব্রাদার্স ও বিজেএমসির কাছে এটি ছিল টুর্নামেন্টে টিকে থাকা না থাকার লড়াই। শেষ পর্যন্ত টিকলো ব্রাদার্স। ঝরে গেলো বিজেএমসি। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে মধুমতি ব্যাংক স্বাধীনতা কাপ ফুটবলের প্রথম কোয়ার্টার ফাইনালে ব্রাদার্স ২-১ গোলে বিজেএমসিকে হারিয়েছে। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে অফিস দলটি। সেমিফাইনালে ব্রাদার্সের প্রতিপক্ষ আজ জানা যাবে শেখ রাসেল ও সকার ক্লাবের ম্যাচের পর। কাল ব্রাদার্সের বিরুদ্ধে বিজেএমসির ভাবনায় ছিল না হার নিয়ে মাঠ ছাড়তে হবে। যে দলটি হারিয়ে ছিল ব্রাদার্সকে। সে দলটি উল্টো হারের গ্লানি মাখিয়ে দেবে তা বুঝতে পারেননি বিজেএমসির কোচ আলী আজগর নাসির, অধিনায়ক অমিত খান শুভ্র, রাজিব, বাবু, রনি, গোলকিপার আরিফুল ইসলামরা। ব্রাদার্সের সামনে বিজেএমসির খেলাটা ছিল নিছক খেলার জন্য খেলা। মনে হচ্ছিল না প্রস্তুতি নিয়ে খেলতে এসেছেন তারা। ব্রাদার্সের রুবেল, জুয়েল, ফয়সাল মাহমুদের আক্রমণ ভাগের লড়াইয়ে খেই হারিয়ে ফেলেছিল বিজেএমসির রক্ষণভাগের অমিত খান শুভ্র এবং তার সতীর্থরা। সুযোগটা পেয়ে কাজে লাগাতে ভুল করেননি ব্রাদার্সের আক্রমণভাগ। খেলা শুরু হওয়ার মিনিট দশেকের মধ্যে বিজেএমসির জালে বল পাঠায় ব্রাদার্স। তরুণ ফরোয়ার্ড রুবেল শট করলেন গোলের উদ্দেশ্যে। তার শট গিয়ে লাগল বিজেএমসির ক্রসপিসে। বলটা ফেরত আসার সঙ্গে সঙ্গে আরেক তরুণ ফুটবলার জুয়েল রানা হেড করে বিজেএমসির জালে ফেলেন ১-০। প্রথমার্ধে এগিয়ে ছিল ব্রাদার্স। দ্বিতীয়ার্ধে সেটা ২-০ করে গোপীবাগের দল। ৫৫ মিনিটে বক্সের বাইরে থেকে শট নেন ব্রাদার্সের নাইজেরিয়ান সিমন। তার শট গোলে পরিণত হয়, ব্যবধান বেড়ে হয় ২-০। ৬ মিনিট পর বিজেএমসি গোল পেলো। খান মোঃ তারা ফ্রিকিক করেন, হেড করেন নাইজেরিয়ান ফেলিক্স ১-২। এই গোলে বিজেএমসির চোখে স্বপ্ন উঁকি দেয় ম্যাচে ফেরার। কিন্তু বিজেএমসির ফরোয়ার্ডরা ব্রাদার্সের ঘর ভাঙ্গতেই পারছিলেন না। বাধ্য হয়ে হার মেনে মাঠ ছাড়তে হলো অফিস দলটিকে। বিদায় নিতে হলো স্বাধীনতা দিবস টুর্নামেন্ট হতে। খেলা শেষে বিজেএমসির কোচ আলী আজগর নাসির তার রক্ষণভাগকে দায়ী করেছেন গোল হজমের জন্য। কেউ নিজেদের খেলা খেলতে পারেনি। প্র্যাকটিসের ঘাটতি ছিল। আমাদের ইকাঙ্গা দলে ফিরলে লিগে ভালো খেলতে পারবো।’ ব্রাদার্সের প্রথম গোলদাতা জুয়েল বলেন, বলটা আবার পোস্টে লাগতে পারে মনে করে হেড করেছিলাম।’ আজ দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল শেখ রাসেল ঃ সকার ক্লাব, ফেনী (বিকাল ৫টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম)