গতকাল মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬২টি স্বর্ণের বারসহ দুবাই ফেরত দুই যাত্রীকে গ্রেফতার করেছে শুল্ক ও গোয়েন্দা কর্মকর্তারা। গ্রেফতারকৃতরা হলেন: দুলাল হোসেন (২৫) ও শাহেদুর রহমান (৪৫)। মঙ্গলবার সকালে তাদের গ্রেফতার করা হয়। দুলাল ও শাহেদ দুবাই থেকে অবৈধভাবে স্বর্ণের বারগুলো এনে পাচারের চেষ্টা করছিলেন।
সকাল ১১টার দিকে দুবাই থেকে আসা ফ্লাই দুবাই এয়ার লাইন্সের এফজেড ৫৮৩ নম্বর ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন দুলাল ও শাহেদ। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় দুলাল ও শাহেদকে দেখে শুল্ক ও গোয়েন্দা কর্মকর্তাদের সন্দেহ হয়। এক পর্যায়ে তাদের চ্যালেঞ্জ করে শরীর তল্লাশি করা হয়। এসময় দু’জনেরই অন্তর্বাস ও পায়ের গোড়ালিতে পড়া অ্যাঙ্কলেটের ভেতর থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৬২টি বারের ওজন প্রায় সোয়া সাত কেজি। এর আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা বলে জানিয়েছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ। শুল্ক ও গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার ওয়াজেদ আলী জানান, গ্রেফতারকৃত দুই জন গত মাসে বেশ কয়েকবার দুবাই থেকে বাংলাদেশ যাওয়া-আসা করেছেন। তারা চোরাচালান সিন্ডিকেটের সদস্য। প্রতিবারই তারা অবৈধভাবে স্বর্ণ পাচার করেছে বলে ধারণা করছেন। দুলাল ও শাহেদের গ্রামের বাড়ি কুমিল্লায়। তাদের পাসপোর্ট নম্বর যথাক্রমে ডব্লিউ ০৯০০৩২৪ এবং ভি ০৭৮৩৮৪৭। এ ব্যাপারে বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে চোরাচালানির অভিযোগে একটি মামলা হয়েছে।
