পছন্দের আসন নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীর সঙ্গে তিক্ততা কম হয়নি। তারপরেও মোদীর প্রশংসা করলেন বিজেপির বর্ষীয়ান নেতা এল কে আদভানি। শুরুর শত্রুতা কিছুটা লাঘব করার চেষ্টা করলেন ‘মোদীবন্দনা’ করে।
মহারাষ্ট্রের আহমেদনগর আসনে বিজেপির প্রার্থী দিলীপ গান্ধীর পক্ষে প্রচারে অংশ নিয়ে আদভানি বলেন, ‘মোদীকে নির্বাচিত করলে তিনি ভারতের চেহারাই পাল্টে দিবেন। আমাদের প্রধানমন্ত্রী প্রার্থীর সেই ক্ষমতা আছে। বিজেপির একমাত্র লক্ষ্য জনগণের কল্যাণ করা।’ মোদীর প্রশংসায় আদভানি আরো বলেন, ‘মোদী নির্বাচিত হলে ভারতীয় জনগণের ভাগ্য বদলে যাবে। বিশ্বাস না হলে আপনারা এবার তাকে নির্বাচিত করেই দেখুন’।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনে মোদীকে প্রধানমন্ত্রী প্রার্থী করার বিরোধী ছিলেন আদভানি। শেষ পর্যন্ত তাকেই প্রধানমন্ত্রী প্রার্থী করা হয়। প্রতিশোধ হিসেবে আদভানিকে তার পছন্দের আসন থেকে বঞ্চিত করে মোদী তার পছন্দমতো আসনে আদভানিকে মনোনয়ন নিতে বাধ্য করেন। খবর এনডিটিভির।
