কেন্দ্র পুনর্বহালের দাবি

লোহাগড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের তাণ্ডব বাস-ট্রাক ভাংচুর

আপডেট : ০১ এপ্রিল ২০১৪, ২৩:০০
নড়াইলের লোহাগড়া উপজেলার সরকারি লোহাগড়া আদর্শ মহাবিদ্যালয়ের আসন্ন এইচএসসি পরীক্ষার কেন্দ পুনঃবহালের দাবিতে মহাবিদ্যালয়ের পরীক্ষার্থীরা গতকাল মঙ্গলবার লক্ষ্মীপাশা চৌরাস্তায় ব্যাপক তাণ্ডব চালিয়ে বাস-ট্রাক ভাংচুর করেছে। এ সময় এক মহিলাসহ কয়েকজন আহত হয়। পরীক্ষার্থী সূত্রে জানা গেছে, আগামীকাল ৩ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বছর লোহাগড়া উপজেলার সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের ৮৪৩ পরীক্ষার্থীকে নিজ কলেজ কেন্দ্রের পরিবর্তে প্রথম বারের মত স্থাপিত লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রী মহাবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে হবে। গত সোমবার সন্ধ্যায় মাইকিং করে মঙ্গলবার অর্ধদিবস হরতালের ডাক দেয়া হয়। হরতালের সমর্থনে গতকাল মঙ্গলবার সকালে ২ শতাধিক পরীক্ষার্থী কলেজ চত্বর থেকে মিছিল বের করে বাজার প্রদক্ষিণ করে। এ সময় লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐ মিছিলে যোগ দেয়। মিছিলটি উপজেলা সদর লক্ষ্মীপাশা চৌরাস্তা পৌঁছালে হঠাত্ মিছিল থেকে বিক্ষোভকারীরা যাত্রীবাহী বাস, ট্রাকসহ অন্য যানবাহনে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এ সময় যশোর-কালনা সড়কে চলাচলকারী সকল যানবাহন ৩ ঘন্টা বন্ধ থাকে। যানবাহন বন্ধের কারণে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়। এদিকে বিক্ষোভকারীদের ভাংচুরের প্রতিবাদে লক্ষ্মীপাশা চৌরাস্তা বাজার ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষ মিলে বিক্ষোভকারীদের ধাওয়া করে। বিক্ষোভকারীদের সাথে ১ ঘন্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। পরে ৩ বিক্ষোভকারীকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার রেবেকা খান বলেন, কাল থেকে পূর্ব নির্ধারিত ৪টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।