গৌরনদীতে দুর্বৃত্তের আগুনে দুর্গা মন্দির পুড়ে ছাই

আপডেট : ০১ এপ্রিল ২০১৪, ২৩:০০
বরিশালের গৌরনদী উপজেলার আধুনা গ্রামের সেনের হাটে সোমবার রাতে দুর্বৃত্তরা ঐতিহ্যবাহী একটি দুর্গা মন্দির আগুন দিয়ে পুড়িয়ে দেয়। মন্দিরটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টায় পূজা শেষে বাড়ির লোকজন প্রতিদিনের ন্যায় ঘুমাতে যান। আধাপাকা ভবনের মন্দিরের মধ্যে বিভিন্ন দেব দেবীর প্রতিমা ছিল। মন্দির কমিটির সভাপতি সতিন্দ্র নাথ চক্রবর্তী জানান, মঙ্গলবার সকালে পূজা দেয়ার জন্য মন্দিরে গেলে মন্দিরটি সম্পূর্ণ ভস্মীভূত অবস্থায় দেখতে পান। পরে তারা বিষয়টি থানাকে জানান। কে বা কারা মন্দিরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয় তা তারা জানেন না। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, মন্দির কমিটির সভাপতি অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। গতকাল দুপুরে জেলা পুলিশ সুপার কেএম এহ্সান উল্ল¬াহ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী এবং ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন। পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করার ঘটনায় গভীর ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কালিয়া দমন গুহ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ পরিষদের সভাপতি দুলাল রায় দুলু ও সাধারণ সম্পাদক মানিক লাল আশ্চার্য্য।