বিভিন্ন স্থানে বিশ্ব অটিজম দিবস পালন

আপডেট : ০২ এপ্রিল ২০১৪, ২১:৩৮
‘অটিজম সচেতনতা বৃদ্ধিতে আমরা সবাই’-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় র্যালী, আলোচনা সভা ও অটিজম শিশু-কিশোরদের মাঝে চেয়ার, ওষুধসহ বিভিন্ন সামগ্রী বিতরণের মধ্যে দিয়ে বিশ্ব অটিজম দিবস পালিত হয়। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। বাগেরহাট বাগেরহাটে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংষকৃতিক ফাউন্ডেশনে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. রুহুল আমীন শেখের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হাসান, প্রেসক্লাবের সভাপতি বাবুল সরদার, জেলা কারাগারে সুপার মো. আমানুল্লাহ প্রমুখ। পরে প্রতিবন্ধি উন্নয়ন ফাউন্ডেশনের সহায়তায় বাগেরহাটের ৩ উপজেলার ১৫ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। মাগুরা মাগুরায় নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কালা চাঁদ সিংহ, বিশেষ অতিথি সদর উপজেলা চেয়ারম্যান মো. আবু নাসির বাবলু, সিভিল সার্জন ডা. সুনিল চন্দ্র রায়। বক্তব্য রাখেন দৃষ্টি প্রতিবন্ধি মো. আব্দুল আলিম, এনজিও কো-অর্ডিনেটর মো. আব্দুল হালিম, ইসাডোর নির্বাহী পরিচালক আবু ইমাম মো. বাকের প্রমুখ। মৌলভীবাজার মৌলভীবাজারে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অরবিন্দু দাশেল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহিরুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কামরুল হাসান, সদর ইউএনও আশরাফুল আলম, আওয়ামীলীগ নেতা সাইফুর রহমান বাবুল ও সৈয়দ মোস্তাক আলী প্রমুখ। এ ছাড়া ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে, বরিশালের গৌরনদী, শেরপুরের ঝিনাইগাতী, ফরিদপুরের নগরকান্দা, লক্ষ্মীপুরের কমলনগর, কুমিল্লার নাঙ্গলকোট, গাজীপুরের কালিয়াকৈর, মেহেরপুরের গাংনীতে অনুরূপ কর্মসূচী পালিত হয়।