রেজিস্ট্রেশনবিহীন মোটর সাইকেলের দৌরাত্ম্য

আপডেট : ০২ এপ্রিল ২০১৪, ২১:৩৮
বেনাপোলে অবাধে চলাচল করছে রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেল। যার অধিকাংশই ভাড়ায় চালানোর অজুহাতে চোরাচালানি কাজে ব্যবহার হচ্ছে। আর এ সকল কাজে ব্যবহার করার জন্য শুধুমাত্র বেনাপোলেই গড়ে উঠেছে ৫/৭ টি ভাড়া মোটর সাইকেল ষ্ট্যান্ড। গত মাসে বেনাপোল বিজিবি ক্যাম্পের সদস্যরা ছোট আঁঁচড়া মোড় থেকে চালকসহ ১টি মোটর সাইকেল আটক করে। পরবর্তীতে মোটর সাইকেলের সীটের নিচে এবং বডিতে বিশেষ ভাবে লুকানো অবস্থায় ৩টি ভারতীয় ইয়ারগান উদ্ধার করে। এ ছাড়া বিভিন্ন সময় আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের ধাওয়া খেয়ে ফেন্সিডিলসহ মোটর সাইকেল ফেলে পালিয়ে গেছে মাদক পাচারকারীরা। এ সব মোটর সাইকেলের রেজিষ্ট্রেশন নাম্বার না থাকায় পুলিশও নির্দিষ্ট কারোর বিরুদ্ধে মামলা করতে পারেনি। শুধু চোরাচালান কাজে ব্যবহার নয় অনেকেই ব্যক্তিগত ভাবে মোটর সাইকেল ক্রয় করে রেজিষ্ট্রেশন না করেই ব্যবহার করছে যার কারণে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।