নেমানজা ভিদিচের গোল আর অসাধারণ রক্ষণ শৈলীতে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের প্রথম লেগ সমতায় শেষ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বাস্তিয়ান শোয়েনস্টেইগারের কল্যাণে প্রতিপক্ষের মাঠে গোলের সুবিধা নিয়ে মাঠ ছাড়লেও, দ্বিতীয় লেগে বায়ার্নের মাঠে নিজেদের সমান সুযোগই থাকছে বলে দাবি করেছেন ইউনাইটেড কোচ ডেভিড ময়েস। এদিকে, ডিয়েগোর দুর্দান্ত এক গোলে নূ ক্যাম্পে বার্সেলোনার সাথে ড্র করেছে আরেক স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ।
বুন্দেসলিগার ২৮তম রাউন্ড শেষে গোলসংখ্যা ৮২। অর্থাত্ ম্যাচ প্রতি প্রায় তিন গোল! শীতকালীন ছুটির পর গতবার লিগ ম্যাচে গোলসংখ্যা ৪০! আর যে কোন প্রতিযোগিতা মিলে সর্বশেষ দশ ম্যাচে দলটি প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে ৩১ বার! সাত ম্যাচ হাতে রেখেই বুন্দেসলিগার শিরোপা নিশ্চিত করা ব্যাভারিয়ানদের দুর্দান্ত ফর্ম বোঝাতে বোধহয় এই তথ্যগুলোই যথেষ্ট। আর সেই দলকেই রুখে দিল এমন এক দল যারা এই ম্যাচের আগে তাদের সর্বশেষ পাঁচ ম্যাচের তিনটিতেই হেরেছে। প্রতিপক্ষকে নয় গোল দেয়ার পাশাপাশি হজমও করতে হয়েছে সাতটি গোল। ময়েসকে গত মঙ্গলবার রাতে বোধহয় মৌসুমের সেরা ফলটাই উপহার দিলেন তার শিষ্যরা। আর ওয়েইন রুনি-ভিদিচদের কাছ থেকে এমন পারফরম্যান্স দেখার পর এবার দ্বিতীয় লেগের বিষয়েও দারুণ আত্মবিশ্বাসী ময়েস। আগামী ৯ তারিখ আলিয়াঞ্জ অ্যারেনায় মাঠে নামার আগে এই স্কটিশ জানালেন, ‘আমরা জানি সেখানে আমাদের একটা গোল করতে হবে। যদি আমরা সেটা না পারি, তাহলে ধরে নিতে হবে সেমিফাইনালে উত্তরণের জন্য বায়ার্ন যথেষ্ট কাজ করে ফেলেছে। তবে আসল কথা হচ্ছে যে, জেতার জন্য দারুণ একটা সুযোগ আমরা তৈরি করেছি।’
লিগে গত কয়েক ম্যাচের হতাশাজনক ফলের পর ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের বিরুদ্ধে এই ম্যাচটি পুরো দলকেই জাগিয়ে তুলবে জানিয়ে সাবেক এভারটন কোচ আরো বলেন, ‘আমরা আগেই বলেছিলাম আমরা মিউনিখের জন্য (ফিরতি লেগ) একটা সুযোগ তৈরি করতে চাই। সেটা আমরা করতে পেরেছি। দল যেভাবে খেলেছে তাতে আমার খুশি না হওয়ার কোন কারণ নেই। তবে শেষদিকে একটা গোল হজম করতে হওয়ায় কিছুটা খারাপ তো লাগছেই। তবে সবমিলে বলবো, আমি সন্তুষ্ট। দর্শক সমর্থনও ছিল দারুণ। সত্যিই খেলার জন্য এরচেয়ে ভাল পরিবেশ হতে পারে না।’
এদিকে, নিজেদের মাঠে ইউনাইটেডের রক্ষণ কৌশলের সমালোচনা করেছেন বায়ার্ন কোচ পেপ গার্দিওলা। এই স্প্যানিয়ার্ড বলেন, ‘এমন দলের বিরুদ্ধে খেলাটা সবসময়ই কঠিন যারা বলের পেছনে খেলোয়াড়দের একটা দেয়াল তৈরি করে রাখে। তবে আমরা প্রতিপক্ষের মাঠে একটা গোল করতে পেরেছি। পরের লেগে জয়ের জন্যই খেলবো আমরা। খেলোয়াড়দের উপর পরিপূর্ণ আত্মবিশ্বাস আছে আমার।’
ম্যাচের ৫৮ মিনিটে ভিদিচের ঐ গোলে এগিয়ে যায় ইউনাইটেড। এরপর ৬৮ মিনিটে সমতায় ফিরতে মরিয়া বায়ার্ন সাফল্য পায় শোয়েনস্টেইগারের পায়ে। কিন্তু নির্ধারিত সময়ের শেষ মিনিটে রুনিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এই মিডফিল্ডারকে। যদিও বায়ার্নের গার্দিওলা দাবি করেন ইচ্ছা করেই পড়ে যান রুনি।
এদিকে রাতের আরেক হাইভোল্টেজ ম্যাচে নূ ক্যাম্পে মাঠে নেমেছিল লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল বার্সেলোনা ও অ্যাটলেটিকো। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে সফরকারীদের এগিয়ে দেন ডিয়েগো কস্তার বদলী হিসাবে নামা ডিয়েগো। ম্যাচের ৫৬ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে নেয়া দর্শনীয় এক শটে অ্যাটলেটিকোকে এগিয়ে দেন তিনি। এর প্রায় ১৫ মিনিট বাদে নেইমারের পায়ে সমতায় ফেরে স্বাগতিকরা। তবে এই ড্রয়ের পরও বার্সেলোনার সেমিতে উত্তরণ মোটেই অনিশ্চিত হয়ে যায়নি দাবি করে কাতালান মিডফিল্ডার জাভি বলেন, ‘দু’দলের জন্যই সমান সুযোগ রয়েছে। আমাদের চেষ্টা করতে হবে (ভিসেন্তে ক্যালদেরনে) যত বেশি সম্ভব গোল দেয়ার।’
অ্যাটলেটিকোর মাঠে আগামী নয় তারিখ হতে যাচ্ছে দ্বিতীয় লেগ।
