বার্সার ট্রান্সফার নিষেধাজ্ঞা

আপডেট : ০২ এপ্রিল ২০১৪, ২২:২৫
চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে ড্র করার পরপরই বার্সেলোনার জন্য আরো বড় দু:সংবাদ হয়ে আসলো বিষয়টি। যুব পর্যায়ে খেলোয়াড় কেনায় অনিয়ম প্রমাণিত হওয়ায় আগামী মৌসুমে দলটির খেলোয়াড় বেচাকেনায় নিষেধাজ্ঞা আরোপ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। পাশাপাশি প্রায় চার কোটি সত্তর লাখ টাকার জরিমানাও গুনতে হবে লা লিগা শিরোপাধারীদের। তবে ফিফার এই সিদ্ধান্তের বিপক্ষে আবেদন করা হবে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানায়নি কাতালান কর্তৃপক্ষ। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত দশটি ট্রান্সফার নিয়ে অনিয়মের অভিযোগের তদন্ত করে ফিফা। সেখানে বড় ধরনের অনিয়মের সুস্পষ্ট প্রমাণও পায় তারা। এর প্রেক্ষিতেই আগামী দুই ট্রান্সফার মৌসুমে বার্সেলোনার খেলোয়াড় বেচাকেনার উপর এই নিষেধাজ্ঞা আরোপ করলো ফিফা। অর্থ জরিমানার পাশাপাশি এই অনিয়ম দূর করার জন্য ক্লাবটিকে নব্বই দিনের সময়ও বেঁধে দিয়েছে ফিফা। আর বার্সেলোনার এই অনিয়মে অনেকটা নিরব ভূমিকা পালন করা স্প্যানিশ ফুটবল ফেডারেশনও (আরএফইএফ) রেহাই পাচ্ছে না শাস্তি থেকে। প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার অর্থ জরিমানা করা হচ্ছে স্প্যানিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটিকে। ফিফা এক বিবৃতিতে জানায়, ‘ফিফার ডিসিপ্লিনারি কমিটি আন্তর্জাতিক দলবদল ও ১৮ বছরের কম বয়সী খেলোয়াড় অন্তর্ভুক্তির বিষয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশন এবং বার্সেলোনার বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পেয়েছে। ডিসিপ্লিনারী কমিটির দৃষ্টিতে এই অনিয়ম যথেষ্ট গুরুতর। তাই জাতীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রে টানা দুইটি ট্রান্সফার মৌসুমে তাদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি তাদের তিন লাখ সত্তর হাজার ইউরো জরিমানাও করা হয়েছে। এই অনিয়ম দূর করে যেসব খেলোয়াড় এই প্রক্রিয়ার সাথে জড়িত তাদের নিয়মের আওতায় আনতে ক্লাবকে নব্বই দিনের সময় বেঁধে দেয়া হলো।’ এই মৌসুমের শুরুতে সান্তোস থেকে প্রায় পাঁচ কোটি ৭০ লাখ ইউরো ট্রান্সফার ফির মাধ্যমে নেইমারকে দলভুক্ত করার সময় বার্সেলোনার ট্রান্সফার সম্পর্কিত অনিয়ম নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। সেই বিতর্কের জের ধরে ক্লাব সভাপতি সান্দ্রো রোজেলকে পদত্যাগ পর্যন্ত করতে হয়। এদিকে, মাত্র গত সপ্তাহেই আর্সেনাল, টটেনহ্যাম হটস্পারকে পেছনে ফেলে ১৭ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলার অ্যালেন হেইলোভিককে দলভুক্ত করে বার্সেলোনা। এই ট্রান্সফারকেও সন্দেহের দৃষ্টিতে দেখছেন অনেকে। যদিও, ফিফার ঐ সিদ্ধান্তে সাম্প্রতিক এই দলভুক্তিটি বিবেচনা করা হয়নি। এই নিষেধাজ্ঞা যদি কার্যকর হয়, সেক্ষেত্রে হয়তো মাঠের খেলায় বড় ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বার্সেলোনাকে। অ্যাটলেটিকো মাদ্রিদের পেছনে থেকে লা লিগা পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা দলটি এই মৌসুম শেষেই হারাতে যাচ্ছে তাদের দুই পুরনো সৈনিক ভিক্টর ভালদেস ও কার্লোস পুয়োলকে। দুইজনেই এরই মধ্যে নিশ্চিত করেছেন দল ছাড়ার বিষয়টি। এই মৌসুমে না হলেও আগামী মৌসুমে ক্লাব ছাড়ার বিষয়টি অনেকটা নিশ্চিত করেছেন ক্লাবের ব্রাজিলিয়ান ডিফেন্ডার ড্যানিয়েল আলভেজও। ইউরোপিয়ান ফুটবলে একবারেই বিরল নয় এধরনের নিষেধাজ্ঞার বিষয়টি। ২০১০ সালে ফ্রেঞ্চ মিডফিল্ডার গায়েল কাকুতাকে দলে ভেড়ানোকে কেন্দ্র করে ১৮ মাসের জন্য ট্রান্সফার নিষেধাজ্ঞা আরোপ করা হয় চেলসির উপরে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সালিস কেন্দ্র কোর্ট অফ আরবিরেশন ফর স্পোর্টস-এ আবেদন করলে ফিফার সিদ্ধান্ত বাতিল করে দেয় তারা। বার্সেলোনাও চেলসির পথে হাঁটবে কিনা সে বিষয়ে অবশ্য এখনো কিছু জানায়নি ক্লাব কর্তৃপক্ষ।