সরকার ঘোষণা দিয়ে উপজেলা নির্বাচনে জয় ছিনিয়ে নিয়েছে

আপডেট : ০২ এপ্রিল ২০১৪, ২৩:১০
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, উপজেলা নির্বাচনে সরকার ঘোষণা দিয়ে জয় ছিনিয়ে নিয়েছে। ১ম, ২য়, ৩য় ধাপে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে বিএনপির জয় দেখে সরকার বেসামাল হয়ে ৪র্থ এবং ৫ম ধাপে ঘোষণা দিয়ে জয় ছিনিয়ে নিয়েছে। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে অবৈধ চার্জ গঠন বন্ধ এবং বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মহিলা দল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। রফিকুল ইসলাম মিয়া বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে চার্জ গঠন সম্পূর্ণ অবৈধ। সংবিধানের ২৪২ নম্বর ধারা ভঙ্গ করে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। মহিলা দলের সভাপতি নুরে আরা সাফার সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা, সাংগঠনিক সম্পাদক শিরিন আহমেদ প্রমুখ।