সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার আসামি তানভীর রহমানের জামিন আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন। আদালতে তানভীরের পক্ষে এডভোকেট মিজানুর রহমান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. খোরশেদুল আলম শুনানি করেন। গত ১০ মার্চ এই মামলার অপর তিন আসামি বকুল মিয়া, রফিকুল ইসলাম ও কামরুল হাসানের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয় হাইকোর্ট।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারের নিজ বাসায় খুন হন ‘মাছরাঙা’ টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও ‘এটিএন বাংলার সিনিয়র’ রিপোর্টার মেহেরুন রুনি। এ ঘটনায় পরদিন শেরেবাংলানগর থানায় মামলা করা হয়। এর দুইমাস পর ১৮ এপ্রিল এ মামলার তদন্তভার পুলিশ থেকে র্যাবে হস্তান্তর করা হয় হাইকোর্টের নির্দেশে।
