রাশিয়ার সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত ন্যাটোর

আপডেট : ০২ এপ্রিল ২০১৪, ২৩:২০
ইউক্রেন সংকটের জের ধরে রাশিয়ার সঙ্গে সামরিক বেসামরিক সব ধরনের সহযোগিতা স্থগিত করেছে ন্যাটো। মঙ্গলবার এক বৈঠকে ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীরা এ বিষয়ে সম্মত হন । বৈঠকের পর কড়া ভাষার এক বিবৃতিতে রাশিয়ায় ক্রিমিয়ার অবৈধ অন্তর্ভুক্তির নিন্দা জানান এবং ইউক্রেন এক্ষেত্রে ধৈর্য্যের পরিচয় দেওয়ায় প্রশংসা করেন তারা। খবর বিবিসির। সমপ্রতি ইউক্রেন সীমান্তে হাজার হাজার সেনা সমাবেশ করে রাশিয়া। এতে ইউক্রেন সরকার এবং পশ্চিমা বিশ্ব উদ্বেগ প্রকাশ করে। ন্যাটোর শীর্ষ কর্মকর্তা বলেছেন, সেনা প্রত্যাহারের কোনো প্রমাণ নেই। ন্যাটো সূত্রে বলা হচ্ছে, ইউক্রেইনের পূর্ব সীমান্তে মোতায়েন আছে ৩৫ হাজার থেকে ৪০ হাজার সেনা। রাশিয়া সেখানে সামরিক মহড়া চালানোর কথা বললেও মহড়া খুব কমই হচ্ছে এবং সেনারা কেবল সেখানে উপস্থিত আছে আর আগ্রাসনের অপেক্ষায় রয়েছে বলেই উদ্বিগ্ন পশ্চিমা গোয়েন্দা বিশেষজ্ঞরা। সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন সীমান্ত থেকে কিছু সেনা প্রত্যাহারের নির্দেশ দেয়ার কথা জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মার্কেলকে জানান। কিন্তু ন্যাটো মহাসচিব আন্দ্রেস ফস রাসমুসেন সাংবাদিকদের বলেন, রাশিয়া যে সেনা প্রত্যাহার করছে তা নিশ্চিত করতে পারছিনা বলে দুঃখিত।