ভারতে স্থিতিশীল সরকার প্রতিষ্ঠায় আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ জোটকে ৩’শ আসনে বিজয়ী করার আহবান জানিয়েছেন দলটির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ভোটের আগেই ফলাফল জানার নির্বাচন ভারতে এটাই প্রথম। গত মঙ্গলবার তিনি পরপর চারটি নির্বাচনী সমাবেশ করেন।
নরেন্দ্র মোদী বলেন, কংগ্রেসের পরাজয় নিশ্চিত। তিনি দেশজুড়ে কৃষকদের আত্মহত্যার জন্য কংগ্রেসকে দায়ী করেন এবং এর জবাব চান। তিনি অভিযোগ করেন, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট ভারতে অস্থিতিশীল সরকার প্রতিষ্ঠার চেষ্টা করছে এবং দলটি বিজেপিকে ক্ষমতার বাইরে রাখতে বামফ্রন্ট এবং তৃতীয় ফ্রন্টের সঙ্গে হাত মেলানোর প্রস্তুতি নিচ্ছে। উত্তর প্রদেশের রায়বেরেলিতে আয়োজিত সমাবেশে দেরি হওয়ার জন্য মোদী সবার কাছে দু:খ প্রকাশ করেন। তিনি জানান, তার নিজের কারনে দেরি হয়নি। সকাল সাড়ে ৯টা থেকে দিল্লি বিমানবন্দরে অপেক্ষা করলেও বিমান ছাড়তে দেরি হওয়ায় দেরি হয়েছে। রোদে দাঁড়িয়ে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে মোদী বলেন, আপনাদের এই কষ্ট বৃথা যেতে দেব না। তিনি পরোক্ষভাবে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে উদ্দেশ্য করে বলেন, এই আসনে ক্ষমতাবানকে আপনারা নির্বাচিত করেন। কিন্তু উন্নয়নের চিত্র দেখলে সেটা বোঝা যায় না। উল্লেখ্য, সোনিয়া গান্ধী এই আসন থেকেই নির্বাচন করে তিনবার জয়ী হয়েছেন। তিনি মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, গুজরাটে এই সমপ্রদায়ের লোকজন ঘুড়ি কারখানায় কাজ করেন। তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবেরও সমালোচনা করেন।
