জাতিসংঘ সংস্থার সদস্যপদ চাওয়া শান্তি আলোচনার সমাপ্তি নয় : পিএলও

আপডেট : ০৩ এপ্রিল ২০১৪, ২০:৫২
প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) বলেছে, জাতিসংঘের কয়েকটি সংস্থার সদস্যপদ চাওয়ার সিদ্ধান্ত এটা বোঝায় না, ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে যুক্তরাষ্ট্র সমর্থিত শান্তি আলোচনার সমাপ্তি হয়েছে। পিএলওর মহাপরিচালক ইয়াসির আবেদ রাব্বো বলেছেন, ইসরাইলের সঙ্গে আলোচনায় পিএলও অঙ্গীকারাবদ্ধ। উল্লেখ্য, ১৫টি আন্তর্জাতিক কনভেনশনে সই করার আকস্মিক সিদ্ধান্ত নিয়ে ইসরাইলকে আরো চাপ দেয়ার মধ্যদিয়ে স্বাধীন রাষ্ট্রের লক্ষ্যে এগুচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফিলিস্তিনিরা আশা করছে এ পদক্ষেপের মধ্যদিয়ে ১৯৬৭ সাল থেকে ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে তাদের আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করার ভিত মজবুত হবে। বুধবার ফিলিস্তিনিরা ১৫টি আন্তর্জাতিক কনভেনশনে যোগ দেয়ার জন্য আব্বাসের সই করা আবেদনপত্র জাতিসংঘ প্রতিনিধি এবং অন্যান্য কূটনীতিকদের কাছে হস্তান্তর করেছে। জাতিসংঘের কাছ থেকে আরো বেশি স্বীকৃতি আদায়ের জন্য এ আবেদনপত্র সই করেন আব্বাস। পিএলও আব্বাসের এ পদক্ষেপের সমর্থনে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছে। অপরদিকে, ইসরাইল এবং যুক্তরাষ্ট্র একে বড় ধরনের ভুল বলে অভিহিত করেছে।