টানা তৃতীয় ফাইনালে অস্ট্রেলিয়া

আপডেট : ০৩ এপ্রিল ২০১৪, ২২:২৭
গতকাল সন্ধা পর্যন্ত অন্তত মিরপুরে পূর্নমঞ্চায়ন হল কলম্বোরই! সেবারও ওয়েস্ট ইন্ডিজ পুরুষ দলের আগেই সেমিফাইনাল খেলতে নেমেছিল মেয়েদের দল। এবং সেবারও অস্ট্রেলিয়া মেয়েদেরকে বিদায় করে দিয়েছিল গেইল-স্যামিদের স্বাক্ষী রেখে। এবারও তাই ঘটল। ডাগ আউটে বসে স্যামিরা দেখলেন টানা তৃতীয়বারের মতো মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিদায়। আর ওয়েস্ট ইন্ডিজকে ৮ রানে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে উঠে গেল বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অবশ্য আগে ব্যাট করা অস্ট্রেলিয়ার মেয়েরা এমন বড় কোনো সংগ্রহ দাড় করাতে পারেনি। ওপেনার এলিস ভিলানির ৩৫ ও অধিনায়ক ল্যানিংয়ের ২৯ রান ছাড়া বলার মতো কিছু ছিল না তাদের ইনিংসে। শেষ দিকে এসে রানটা বাড়িয়ে দেন আসলে ২১ বলে ৩০ রানের ইনিংস খেলা অ্যালিসা হিলি। আনিসা মাহমুদ ২৪ রানে ২ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে ১৪০ রানে আটকে রাখায় নেতৃত্ব দেন। ১৪১ রানের লক্ষে দারুন চলছিল ক্যারিবিয় মেয়েরা। উদ্বোধনী জুটিতে ৭.১ ওভারে ৪৩ রান তুলে ফেলেন কেইসা নাইট ও স্টেফানি টেলর। নাইট ২১ ও টেলর ২৪ রান করে আউট হন। এরপর ক্যারিবিয়দের সেরা জুটিটা উপহার দেন স্টেসি-অ্যান কিং ও দিয়েন্দ্রা ডটিং। তৃতীয় উইকেট জুটিতে ৮.৪ ওভারে ৭৩ রান যোগ করেন তারা। ৪০ রানে ডটিংয়ের আউট হওয়ার ভেতর দিয়ে এই জুটি যখন ভাঙে, তখন ১২ বলে ২১ রান দরকার; এমন কিছু অসম্ভব নয়। কিন্তু বাকী ২ ওভারে আর এ চ্যালেঞ্জ পার করতে পারলো না তারা। ফলে অস্ট্রেলিয়া ফাইনালে চললো তাদের টানা তৃতীয় ট্রফির সন্ধানে।