ভারতের সঙ্গে বৈঠক
ভারতের ত্রিপুরা থেকে ১শ’ মেগাওয়াট বিদ্যুত্ আমদানি ও বাংলাদেশের ভেতর দিয়ে ভারতকে ৬ হাজার মেগাওয়াট বিদ্যুত্ সঞ্চালনের করিডোর দেয়ার বিষয়ে বাংলাদেশ-ভারত নীতিগতভাবে একমত হয়েছে। সম্ভাব্য রুট ধরা হয়েছে অরুণাচল-রাঙ্গিয়ারাওটা -বড়পুকুরিয়া (বাংলাদেশ)- বোরাকপুর।
বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে ‘ভারত-বাংলাদেশ যৌথ স্টিয়ারিং কমিটি অন কো-অপারেশন ইন পাওয়ার সেক্টর’ এর সপ্তম বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে বিদ্যুত্ সচিব মনোয়ার ইসলাম এ তথ্য জানান। সচিব পর্যায়ের এ বৈঠকে ভারতের বিদ্যুত্ সচিব পিকে সিনহা, হাই কমিশনার পঙ্কজ শরণ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিদ্যুত্ সচিব জানান, ভারতকে বিদ্যুত্ সঞ্চালনের করিডোর দেয়ার বিষয়ে আগামী ৬ মাসের মধ্যে প্রাক সমীক্ষা যাচাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। ত্রিপুরা থেকে বিদ্যুত্ আমদানির বিষয়ে টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিন মাসের মধ্যে প্রতিবেদন দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিদ্যুত্ সচিব বলেন, ভারতকে বিদ্যুতের করিডোর দিয়ে বাংলাদেশের লাভ-লোকসানের হিসাব এখনই করা হয়নি।
ভারতের বিদ্যুত্ সচিব বলেন, সাব-স্টেশন যেহেতু বাংলাদেশে থাকছে, তাই এখানে বিদ্যুত্ দেয়ার একটা সুযোগ থাকছে। তবে বিষয়টি নির্ভর করছে কতটুকু বিদ্যুত্ সঞ্চালন করা হবে তার উপর।
রামপাল বিদ্যুত্ কেন্দ্র প্রসঙ্গে তিনি বলেন, ভারত এ প্রকল্পে ১৫ শতাংশ বিনিয়োগ করলেও কোনো বিদ্যুত্ নেবে না। পুরোটাই পাবে বাংলাদেশ। তবে ফাইনান্সিয়াল ক্লোজিং হলে বিদ্যুতের মূল্য চূড়ান্ত হবে।
