বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের চলচ্চিত্রকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করলেন দেশের চলচ্চিত্র জগতের শিল্পী, কলাকুশলী ও সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা। এই যাত্রায় সরকার ও চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলকে এক হয়ে কাজ করার প্রয়োজনীয়তার কথাও বললেন সবাই।
‘এগিয়ে চলি ভবিষত্ সৃজনে’ শ্লোগান নিয়ে দিবসটি উদযাপনে মেতে ছিলেন চলচ্চিত্রাঙ্গনের নায়ক-নায়িকা, পরিচালক, প্রযোজকসহ বিভিন্ন স্তরের শিল্পী কলা-কুশলীরা। তাদের সঙ্গে যোগ হন চলচ্চিত্র অনুরাগী হাজারো মানুষ। এফডিসির প্রতিষ্ঠাবার্ষিকী, তাই গতকাল এর দরজা ছিল সবার জন্য উন্মুক্ত। গতকাল বৃহস্পতিবার জাতীয় চলচ্চিত্র দিবস ও এফডিসির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দিনভর অনুষ্ঠানে সবাই এফডিসি চত্বর ছিল লোকে লোকারণ্য। বৈচিত্র্যময় অনুষ্ঠানে জমে উঠেছিল অনুষ্ঠান প্রাঙ্গণ। বর্ণাঢ্য শোভাযাত্রা, পোস্টার প্রদর্শনী, স্থির চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র মেলা ও কারিগরি যন্ত্রপাতির প্রদর্শনী, রেড কার্পেট সংবর্ধনা, লাইভ টকশো, সাংস্কৃতিক আয়োজনসহ বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী জাতীয় চলচ্চিত্র দিবস ২০১৪ উদযাপন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। উত্সবে যোগ দিতে এসেছিলেন এটিএম শামসুজ্জামান, প্রবীর মিত্র, আলমগীর, ইলিয়াস কাঞ্চন, ওয়াসিম, ফেরদৌসী প্রিয়ভাষিণী, আলীরাজ, দিতি, অরুণা বিশ্বাস, শহীদুল ইসলাম খোকন, খসরু, দেলোয়ার জাহান ঝন্টু, রুবেল, মিশা সওদাগর, শাকিব খান, সোহানুর রহমান সোহান, খালিদ মাহমুদ মিঠুসহ আরো অনেকে।
‘চলচ্চিত্র ইতিহাস’, ‘ডিটিটাল চলচ্চিত্র’, ‘চলচ্চিত্রের বর্তমান প্রেক্ষাপট সংকট উত্তরণের উপায়’ ও ‘আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলা চলচ্চিত্র’ শীর্ষক চারটি লাইভ টকশো অনুষ্ঠিত হয়। টকশোগুলো পরিচালনা করেন অনুপম হায়াত্, মতিন রহমান, মোহাম্মদ হোসেন জেমী ও মোরশেদুল ইসলাম। আলোচক ছিলেন কাজী হায়াত্, মসিহ উদ্দিন শাকের, সেলিম ওমরাও খান প্রমুখ। এফডিসির সাউন্ড কমপ্লেক্স এলাকায় স্থাপিত অস্থায়ী উত্সব মঞ্চ থেকে পরিবেশিত হয় গান। তবে সবচেয়ে আকর্ষণ ছিল নায়ক-নায়িকাদের অংশ গ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বে অংশ নেন ফেরদৌস, ওমর সানী, মৌসুমী, অঞ্জনা, তমা মির্জা, মারুফ, নিপুণ, মাহি, আরেফিন শুভ প্রমুখ। তারা সিনেমার জনপ্রিয় গানের সঙ্গে বিভিন্ন পারফর্মেন্সে অংশ নেন। এই পর্বটি উপস্থাপনা করেন নায়ক রিয়াজ। রাতে হাতিরঝিলে ফানুস উড়িয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। পুরো অনুষ্ঠানমালা এটিএন বাংলা সরাসরি সম্প্রচার করে। ১৯৫৭ সালের ৩ এপ্রিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তত্কালীন শিল্প-বাণিজ্য, দুর্যোগ ও ত্রাণমন্ত্রী থাকাকালে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদে এফডিসি বিল উত্থাপন করেন। এরই পরিপ্রেক্ষিতে এফডিসি প্রতিষ্ঠা হয়। চলচ্চিত্র নির্মাণের একমাত্র সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) এই প্রতিষ্ঠার দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য ২০১২ সালে আওয়ামী লীগ সরকার ৩ এপ্রিলকে জাতীয় চলচ্চিত্র দিবস ঘোষণা করে। চলচ্চিত্র দিবসকে জাঁকজমকের সঙ্গে পালনের জন্য এফডিসি জুড়ে ছিল দিনভর বর্ণাঢ্য অনুষ্ঠান। সকালে জাতীয় চলচ্চিত্র দিবস উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায়, সংস্কৃতজন সৈয়দ হাসান ইমাম, অভিনেতা এটিএম শামসুজ্জামান, দেলোয়ার জাহান ঝন্টু, খসরু, নায়ক রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন। অসুস্থতার কারণে অনুষ্ঠানে যোগ দিতে পারেননি উত্সব আহ্বায়ক নায়ক রাজ রাজ্জাক। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু পরে উত্সব স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বের হয় প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা। হাতি, ঘোড়া, রিকশা, ব্যান্ডপার্টিসহ নানা সাজে সজ্জিত এই শোভাযাত্রা এফডিসি হয়ে হাতিরঝিল ঘুরে আবার এফডিসিতে এসে শেষ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, গ্রীন ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরাও এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। এরপর চলে একটানা রাত ১০টা পর্যন্ত নানা অনুষ্ঠান। অনুষ্ঠানমালার মধ্যে ছিল টকশো, সঙ্গীতানুষ্ঠান, প্রামাণ্যচিত্র, চলচ্চিত্র প্রদর্শনী, তথ্যচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র নির্মাণ শুরু থেকে প্রক্ষেপণ নিয়ে অনুষ্ঠান, মেলা, স্মৃতিচারণ, আড্ডা এবং তারকা শিল্পীদের দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। অতীতে ব্যবহার করা ক্যামেরা, লাইটসহ শুটিংয়ের কাজে ব্যবহূত বিভিন্ন যন্ত্রপাতির প্রদর্শন করা হয় উত্সবের মেলা অংশে। দিবস স্মরণীয় করে রাখার জন্য পুরোন দিনের চলচ্চিত্রের গান, শুরু থেকে শেষ পর্যন্ত চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়া এবং বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
শিল্পকলা একাডেমি
‘জাতীয় চলচ্চিত্র দিবস’ উপলক্ষে শিল্পকলা একাডেমিতে চলছে পাঁচ দিনের অনুষ্ঠানমালা। বৃহস্পতিবার ছিল এই অনুষ্ঠানের দ্বিতীয় দিন। দেখানো হয় আব্দুল জব্বার খান পরিচালিত চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ ও আলোচনা অনুষ্ঠান। আজ তৃতীয় দিন শুক্রবার দেখানো হবে চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেল নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘জীবন ঢুলি’।
