দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত দুটি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রতিবাদে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন বিএনপি সমর্থিত আইনজীবীরা। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এক ঘন্টার এ কর্মসূচিতে কয়েকশ’ আইনজীবী অংশ নেন। বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, সুপ্রিম কোর্ট বারের সভাপতি এডভোকেট এজে মোহাম্মদ আলী ও সম্পাদক ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ।
কর্মসূচিতে ব্যারিস্টার মওদুদ বলেন, স্বাধীনতার পর সামরিক সরকারসহ সব সরকারের আমলেই বিচারের শেষ আশ্রয়স্থল হিসেবে জনগণ সুপ্রিম কোর্টে সঠিক বিচার পেয়েছে। কিন্তু বর্তমান সময়ে আমাদের বিচার বিভাগ সম্পর্কে মানুষের মনে ভীষণ রকমের প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে। তিনি আইনজীবীদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিচার বিভাগের স্বাধীনতা বড় সঙ্কটে পড়েছে। আমরা যেন আমাদের বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করতে পারি, আসুন আমরা সেই শপথ নেই।
প্রসঙ্গত গত ১৯ মার্চ জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট ও জিয়া অরফানেজ ট্রাষ্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ঢাকার বিশেষ জজ আদালত-৩। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এই অভিযোগ গঠন করা হয়েছে বলে অভিযোগ করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা।
