বৃহস্পতিবার সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহের দাবিতে রাজশাহীর তানোর উপজেলা সদরে অবস্থিত বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) কার্যালয় ঘেরাওয়ের পর বিক্ষোভ করেছে স্থানীয় কৃষকরা।
তানোর পৌরসভার তালোন্দ ওপরপাড়া গ্রামের কৃষক ওবাইদুর রহমান (৩২) বলেন, চলতি মৌসুমে তিনি ২৪ বিঘা জমিতে বোরোর আবাদ করেছেন; কিন্তু বিদ্যুত্ সংকটের কারণে সেচ দিতে না পারায় ইতিমধ্যে অর্ধেক জমির ধানগাছ নষ্টের উপক্রম হয়েছে। দুই-একদিনের মধ্যে সেচ দিতে না পারলে বাকিগুলোও নষ্ট হয়ে যাবে। ফলে সেচ নিয়ে তারা আতঙ্কে রয়েছেন। তানোর পৌরসভার বেলপুকুর গ্রামের কৃষক রফিকুল ইসলাম (৩৪) বলেন, তিনি চলতি মৌসুমে ১৪ বিঘা জমিতে বোরোর আবাদ করেছেন, বিদ্যুত্ সংকটে সেচ দিতে পারছেন না।
জানা যায়, তানোরে বিদ্যুতের চাহিদা প্রায় ৬ মেগাওয়াট; কিন্তু সরবরাহ পাওয়া যায় গড়ে মাত্র দেড় মেগাওয়াট। ঘটনার সত্যতা স্বীকার করে বিপিডিবির তানোর উপজেলার সহকারী প্রকৌশলী ইফতেখার আহমেদ বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সমস্যার দ্রুত সমাধানের চেষ্টা চলছে। তানোর থানার ওসি বজলুর রশিদ জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে বিক্ষোভের পর নিরাপত্তার স্বার্থে বিদ্যুত্ অফিসে পুলিশ মোতায়েন করা হয়েছে।
