আড্ডামুখর পুরান ঢাকা

আপডেট : ০৪ এপ্রিল ২০১৪, ১৯:০১
পুরান ঢাকার খাবারের ঐতিহ্য আমাদের জন্য অনেক গর্বের বিষয়। একটা সময় দেশি-বিদেশিরা আসতেন এর স্বাদ নিতে। এখনও সেই জৌলুস থাকলেও যানজটের ঝক্কি পেরিয়ে অনেকেই যেতে পারেন না সেখানে। সেরকমই এক চিন্তা থেকে গত মার্চে বনানীতে যাত্রা শুরু করল পুরান ঢাকা। একদল উদ্যমী তরুণের চেষ্টায় গড়ে তোলা ‘পুরান ঢাকা রেস্তোরাঁ’ নামের খাবারের এই দোকানে এলেই পাবেন আদি ঢাকার দেখা। ঘুরে এসে লিখেছেন সাজেদুল ইসলাম শুভ্র দেয়ালে দেয়ালে পুরান ঢাকার ছবি সাঁটা। সরু রাস্তা ধরে এগোতে হবে এগলি-ওগলি করে। কোনো ঘরে হয়তো দেখা মিলবে ঘোড়ার গাড়িতে চাবুক মেরে ছুটছে কোচোয়ান। দেয়ালের কোথাও বা বসেছে নাচের আসর অথবা পুরোনো বাড়ির দেয়াল ঠিকরে বেরোচ্ছে আলোর রোশনাই। সারে সারে রাখা আছে মাটির তৈরি আসবাব, হাতি, ঘোড়াসহ নানা কিছু। তবে শুধু সাজসজ্জা দেখে পেট ভরে না, তাই বসেই অর্ডার দিতে পারেন বিশেষ ধরনের ফুচকা বা শাহি জাফরানি পানীয়ের। এরপর আড্ডা জমিয়ে নিয়ে খেতে পারেন নানা স্বাদের বিরিয়ানি বা খিচুড়ি। ঐতিহ্যবাহী পুরান ঢাকার নানা ধরনের খাবারের তালিকা দেখে ফরমায়েশ দিতে পারেন আপনার পছন্দের খাবারের। আর খাবারের স্বাদ ঠিক রাখতে পুরান ঢাকার বিভিন্ন রেস্তোরাঁ থেকে বেছে নেওয়া হয়েছে শেফদের। পুরান ঢাকার খাবারই কেবল নয়, তাদের পসরাতে আছে গ্রিল কাবাবের মতো মেন্যুও। রয়েছে শাহি অনেক খাবার-দাবারও। তাই এমন সব খাবারকে ‘শাহি ভোজন’ নামে আখ্যায়িত করা হয়েছে। তবে খাবারগুলোয় একটু ভিন্নতা আনা হয়েছে। সব খাবারই করা হয়েছে কম তেলে। এসব খাবারের মধ্যে আছে কাচ্চি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি ও ইলিশ পোলাওসহ মজাদার সব আইটেম। এ ছাড়া আছে বাদশাহি কারি। আছে কাবাবের বিভিন্ন পদ। আর বাঙালি খাবারের ভাজি-ভর্তাও পাওয়া যাবে এখানে। ডেজার্ট হিসেবে আছে মিষ্টি জাতীয় অনেক খাবার। মালিকদের একজন আশফাক আহমেদ জানান, ‘আসলে পুরান ঢাকার খাবারের সুনাম সবখানেই। আর তা-ই খেতে অনেকেই ছুটে যান সেখানে। তবে রাস্তার যানজট আর ভিড় ঠেলে দুপুরের খাবার খেতে গিয়ে হয়তো পৌঁছাতে হয় রাতের খাবারের সময়। সেই দিকটা বিবেচনা করেই আমরা নতুন ঢাকার অধিবাসীদের জন্য পুরান ঢাকার খাবার পরিবেশনের ব্যবস্থা করেছি।’মোট চারটি ঘরে ৭০ জনের খাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে। ক্যাটারিং সার্ভিসও আছে। বনানীর বাসিন্দাদের জন্য আছে অতিরিক্ত চার্জ ছাড়া বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা। ফোন করতে পারেন :০১৬৮২২১৩২২২২ নম্বরে।