দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধোপপুকুর এলাকায় বৃহস্পতিবার ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আতাউর রহমান (৪০) একই উপজেলার বাগবাড়ি এলাকার মইনুদ্দীনের ছেলে।
শিবচর (মাদারীপুর)
মাদারীপুরের শিবচর উপজেলায় বিদ্যালয়ে যাওয়ার পথে মাইক্রোবাস চাপায় নিহত হয়েছে বাবুরমাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী স্বর্ণা আক্তার (১০)। বৃহস্পতিবার সন্নাসীরচর এলাকায় এ দুর্ঘটনার পরপর ঢাকা-বরিশাল মহাসড়ক প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী।
দিনাজপুর
বৃহস্পতিবার দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান রানীশংকৈল উপজেলার ভান্ডারী গ্রামের বৃদ্ধা মোমেনা বেগম (৭০)। বুধবার ভটভটির ধাক্কায় মাথায় আঘাত পেলে গুরুতর অবস্থায় আহত মোমেনাকে দিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ)
ঝিনাইদহের বৈডাঙ্গা বাজারের সন্নিকটে বালি ও পাথর ভর্তি ট্রাক খাদে উল্টে একজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে ট্রাকের ড্রাইভারসহ আরও চারজন।
বুধবার রাতে চুয়াডাঙ্গা ঝিনাইদহ মহাসড়কের বৈডাঙ্গা আমেরচারা বাজারের মাঝামাঝি শুঁটকি দোয়া নামক স্থানে ট্রাকের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গেলে ট্রাকটি রাস্তার পাশে গাছের সাথে বাড়ি খেয়ে উল্টে গেলে ঘটনাস্থলে আজাদ (৩২) নামে একজন শ্রমিকের মৃত্যু ঘটে । নিহত আজাদের বাড়ি শৈলকুপা থানার পাইকপাড়া গ্রামে।
শেরপুর
উচ্চ মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে আসার পথে বৃহস্পতিবার শেরপুর-ঢাকা মহাসড়কের নবীনগর এলাকায় জেলা শিক্ষা অফিসের সম্মুখে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিক্সা সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত ও ৫ পরীক্ষার্থী গুরুতর আহত হয়। আহতদের মধ্যে ১ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাইবান্ধা
গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের কাবিলের বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার মৌলভী মোঃ কেরামত আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত কেরামত আলী কিশামত মালিবাড়ী (নাপিত পাড়া) গ্রামের মকবুল হোসেনের ছেলে এবং স্থানীয় দারিয়াপুর বাজার জামে মসজিদের মুয়াজ্জিন।
