সিরাজগঞ্জের যমুনা বিধৌত দুর্গম চরাঞ্চল চৌহালী উপজেলার স্থল এবং খাসকাউলিয়া ইউনিয়ন পরিষদে সচিব না থাকায় নাগরিকরা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি একই কারণে সরকারি গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে এককভাবে সিদ্ধান্ত না নিতে পারায় দুর্ভোগে পড়েছে স্ব ইউনিয়নটির নির্বাচিত চেয়ারম্যান দ্বয়। জানা যায়, স্থল ইউনিয়ন পরিষদে আড়াই মাস ধরে সচিব আবু বকর সিদ্দিক অবসরে যাবার পর তার স্থলাভিষিক্ত কেউ হয়নি। আর খাসকাউলিয়া ইউনিয়ন পরিষদের সচিব ৯ মাস ধরে বদলি হওয়ায় আর কেউ সেখানে যোগদান করেনি। এজন্য এই দুই নাগরিক অধিকারের প্রতিষ্ঠানে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে অভাবী চরাঞ্চলবাসী বঞ্চিত। বিশেষ করে বিভিন্ন সনদ, প্রত্যয়নপত্র, ট্রেড লাইসেন্স প্রদান, গ্রাম আদালত পরিচালনায় সমস্যা, ত্রাণ সহায়তা তালিকা তৈরিতে দুর্ভোগ, যৌথ একাউন্টে ব্যাংকে কার্যক্রম পরিচালনা না করতে পারাসহ ইউনিয়ন পরিষদের সকল উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। এতে এই দুই ইউনিয়নের প্রায় ৪০ হাজার মানুষ এসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এ ব্যাপারে খাসকাউলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গণি মোল্লা এবং স্থল ইউনিয়নের চেয়ারম্যান হাতেম আলী মাষ্টার জানান, ইউনিয়ন পরিষদে দূর-দূরান্তের মানুষ নাগরিক সুবিধা পেতে আমাদের কাছে আসলেও সচিব না থাকায় তাদের সহযোগিতা করতে পারছি না। মানুষের সেবা দিতে না পেরে নিজেরাও চরম দুর্ভোগের মধ্যে পড়েছি।
