সান্তাহার-পার্বতীপুর রেল রুটে বগুড়ার সান্তাহার জংশন স্টেশনে নীলফামারী থেকে রাজশাহীগামী আন্তঃনগর তিতুমির ট্রেনে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। বৃহস্পতিবার রাতে দফায় দফায় ওই হামলা ও লুটপাটের ঘটনায় ট্রেনের পরিচালক আব্দুল মালেক ও টিকেট কালেক্টর আরাফাত হোসেন গুরুতর আহত হয়েছেন। তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আব্দুল মালেক জানান, বৃহস্পতিবার রাত পৌনে ৮ টার দিকে আন্তঃনগর তিতুমির ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছাড়ার আগ-মুহূর্তেই দেশীয় অস্ত্রে সজ্জিত শতাধিক সন্ত্রাসীর দল ট্রেনে হামলা করে। তারা যাত্রীদের মালামাল লুটপাট শুরু করে এবং ট্রেনের হোস পাইপ খুলে দেয়। এ সময় হামলা ও লুটপাটে বাধা দিলে সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তার হাতের দুটি আঙ্গুল শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে জখমের সৃষ্টি হয়। এ সময় তাকে বাঁচাতে গেলে ট্রেনের টিকেট কালেক্টর আরাফাত হোসেনও সন্ত্রাসী হামলার শিকার হন।
ঘটনার এক পর্যায়ে স্থানীয় আওয়ামী, যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী সান্তাহার জংশন ষ্টেশন এলাকায় লাঠি-সোটা নিয়ে উপস্থিত হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে স্টেশন এলাকার দখল নেয়। এ সময় ট্রেনের যাত্রীদের মধ্যে চরম আতংকের সৃষ্টি হয়।
