আজ ফেনী ও চৌমুহনী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন

আপডেট : ০৪ এপ্রিল ২০১৪, ২১:৪২
আজ শনিবার ফেনী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন। এতে ১৪ দলের মনোনীত প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাজী আলা উদ্দিন আনারস প্রতীক নিয়ে এবং ১৯ দলের মনোনীত প্রার্থী পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিন আলাল দোয়াত-কলম প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ফেনী পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৭৭ হাজার ৫০৮ জন। ইতিমধ্যে জেলা প্রশাসন পৌরসভার ৩০টি ভোট কেন্দ্রের সবকটিকেই অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ঘোষণা করেছেন। উল্লেখ্য, ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এই মেয়র পদটি নির্বাচন কমিশন শূন্য ঘোষণা করে। চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা জানান, আজ শনিবার চৌমুহনী পৌরসভার মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগের- ৪ জন ও বিএনপির- ৫জন নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হলেও বিএনপির দুইজন বিদ্রোহী প্রার্থী নিজেদের প্রার্থিতা স্থগিত রেখে দলীয় প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। অপরদিকে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ শহীদ উদ্দিন এস্কান্দারকে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কার করা হয়। বর্তমানে আওয়ামী লীগের আকতার হোসেন ফয়সাল, শেখ শহীদউদ্দিন এস্কান্দার, মাহফুজুল হক বেলাল, অধ্যক্ষ আবুল কালাম আজাদ এবং বিএনপির জহিরউদ্দিন হারুন, জুলফিকার আলী ভুট্টো ও আবুল কালাম আজাদ (জিএস রতন) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী প্রচার-প্রচারণায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে ৩ এপ্রিল বিএনপি প্রার্থী জহিরউদ্দিন হারুন নিজ নির্বাচনী অফিসে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, পুলিশ প্রশাসন বিএনপি নেতাকর্মীদেরকে গণহারে গ্রেফতার করছে এবং বাড়িতে বাড়িতে হানা দিয়ে হয়রানি করছে। বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার হারুন অর রশিদের সাথে যোগাযোগ করলে তিনি জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।