সাবেক ইংল্যান্ড ব্যাটসম্যান কেভিন পিটারসেন শুক্রবার লর্ডসের দুইশ’ বছর উদযাপনের ম্যাচে অংশ নেয়া নিশ্চিত করেছেন। এমসিসি এবং বাকি বিশ্ব একাদশের মধ্যে বিখ্যাত লর্ডসে আগামী ৫ জুলাই এ ম্যাচ অনুষ্ঠিত হবে। আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) সেন্ট লুসিয়া জুকসের হয়ে খেলা নিশ্চিত হওয়ার পর এমন ঘোষণা এলো এবং ৩২ বছর বয়সী পিটারসেন বিশ্ব একাদশের হয়ে খেলবেন। অস্ট্রেলিয়ান কিংবদন্তী শেন ওয়ার্নের অধিনায়কত্বে মুত্তিয়া মুরলিধরনসহ একই দলে খেলবেন পিটারসেন। ভারতীয় কিংবদন্তী শচিন টেন্ডুলকারের অধিনায়কত্বে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার ব্রেট লি, অপর ভারতীয় রাহুল দ্রাবিড় এবং ইংল্যান্ডের সাবেক অধিনায়ক পল কলিংউড খেলবেন এমসিসির হয়ে। পিটারসেন বলেন, ‘এ ম্যাচে খেলার প্রস্তাব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং বিশ্বের সেরা কিছু খেলোয়াড়ের সঙ্গে লর্ডসের ম্যাচে একজন হতে পেরে আমি গর্বিত। লর্ডসে খেলাটা সবসময়ই বিশেষ কিছু এবং অসাধারণ এ মাঠের দুইশ বছর পূর্তি উত্সবের ম্যাচে খেলার অপেক্ষায় আছি আমি।’
