ক্যারিবীয় লিগ

সাকিব আছেন, তামিম নেই!

আপডেট : ০৪ এপ্রিল ২০১৪, ২২:২৫
ব্যক্তিগত পারফরম্যান্স বিবেচনা করলে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অন্য অনেকের চেয়ে অনেকটাই উজ্জ্বল সাকিব আল হাসান। সেদিক থেকে ঠিক এর উল্টো অবস্থানে আছেন তামিম ইকবাল। টানা ব্যর্থতার মিছিলে দলে জায়গা নিয়েও উঠেছে প্রশ্ন। তারই প্রভাব পড়লো এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল)। সাকিব তার সাবেক দল বার্বাডোস ট্রিডেন্টসে জায়গা অক্ষুণ্ন রাখলেও বাদ পড়েছেন তামিম ইকবাল। তামিমের সাথে বাদ পড়ার এই তালিকায় আরও আছেন — শহীদ আফ্রিদি, তিলকারত্নে দিলশান, ড্যানিয়েল ভেট্টরি, টম কুপার। প্রথম আসরে তামিম খেলেছিলেন সেন্ট লুসিয়া জুকসের হয়ে। ছয়টি দলের অংশ গ্রহণে আগামী ৫ জুলাই থেকে মাঠে গড়াচ্ছে ওয়েস্ট ইন্ডিজের এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। প্রতিটি দল সর্বোচ্চ ১৯ জন করে ক্রিকেটার নিতে পারবে। খেলোয়াড় কেনার জন্য ২০০ জনের একটা প্রাথমিক তালিকা তৈরি করা হয়। যদিও খেলোয়াড় জন্য আরও একদিন সময় পাচ্ছে দলগুলো। আগামীকাল দলগুলোর চূড়ান্ত খেলোয়াড় তালিকা প্রকাশ করা হবে। কে জানে এই সুযোগে হয়তো ভাগ্য খুলেও যেতে পারে তামিম-আফ্রিদি-দিলশানদের! এদিকে সেন্ট লুসিয়া দলে ডাকা হয়েছে কেভিন পিটারসেনকে। কিছুদিন আগে অ্যাশেজ-ব্যর্থতার পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাথে বনিবনা না হওয়ায় হঠাত্ করেই অবসর নেন পিটারসেন। যদিও কাউন্টি দল সারের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে খেলার জন্য সিপিএলের শুরুতে থাকতে পারবেন না পিটারসেন। টুর্নামেন্টটির ফিক্সচার এখনও চূড়ান্ত হয়নি। অনুমান করা হচ্ছে, জুলাই গড়িয়ে আগস্টে গিয়ে শেষ হবে সিপিএল। আগস্টের শেষের দিকে পূর্ণাঙ্গ সফরে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।