চেলসির ঘুরে দাঁড়ানোর ম্যাচ

আপডেট : ০৪ এপ্রিল ২০১৪, ২২:২৫
ইংলিশ প্রিমিয়ার লিগে স্বচ্ছন্দেই এগোচ্ছিল চেলসি। আর শেষ ষোলোতে গ্যালাতাসারাইয়ের বিরুদ্ধে সহজ জয়ে সম্ভাবনা জাগাচ্ছিল চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা পুনরুদ্ধারেরও। কিন্তু হঠাত্ করেই ছন্দ হারিয়ে লিগ পয়েন্ট তালিকায় চেলসি নেমে এসেছে দ্বিতীয় স্থানে। আর পিএসজির বিরুদ্ধে তাদের মাঠে ৩-১ গোলে হেরে ব্লুজদের চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্নও এখন অনেকটাই ধূসর। এই নড়বড়ে অবস্থাতেই প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ন ম্যাচে আজ স্টোক সিটির মুখোমুখি হচ্ছে হোসে মরিনহোর দল। আর এই ম্যাচটিকে মরিনহো দেখছেন ঘুরে দাড়ানোর উপলক্ষ্য হিসাবে। রাতের অন্যান্য গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে আরেক শিরোপা প্রত্যাশী ম্যানচেস্টার সিটিও। অন্যদিকে, বায়ার্ন মিউনিখকে নিজেদের মাঠে রুখে দিয়ে অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে ওঠা ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে। ক্রিস্টাল প্যালেসের কাছে ১-০ গোলে হেরে গত সপ্তাহে লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে বড় একটা ধাক্কা খায় চেলসি। এই হারে তাদের টপকে শীর্ষে চলে যায় লিভারপুল। সমান ৩২ ম্যাচ শেষে চেলসির চেয়ে দুই পয়েন্ট বেশী নিয়ে লিভাপুলের পয়েন্ট ৭১। অন্যদিকে, তাদের চাইতে দুই ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সিটি। এরপর চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেন্ট জার্মেইর বিরুদ্ধে গত সপ্তাহে ঐ হার। স্ট্রাইকারদের ব্যর্থতার পাশাপাশি প্রতিপক্ষের মাঠে ঐ ম্যাচে সমর্থকদের হতাশ করে চেলসির রক্ষনভাগও। ম্যাচ শেষে মরিনহোও জানান তার অসন্তোষের কথা। তাই আজকের ম্যাচে হারানো আত্মবিশ্বাস ফেরানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে চেলসি।