চলমান টি-২০ বিশ্বকাপ থেকে পাকিস্তান ছিটকে পড়ার পর অধিনায়কের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মোহাম্মদ হাফিজ। আর হাফিজের শূন্য জায়গা পূরণের দৌড়ে শহিদ আফ্রিদি এখন সবচেয়ে এগিয়ে আছেন বলে জানা গেছে। হাফিজ অধিনায়কত্ব ছেড়ে দেয়ার একদিন পরই আফ্রিদি জাতীয় দলের নেতৃত্ব দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান (পিসিবি) নাজাম শেঠি বলেছেন, হাফিজের বদলি খুঁজতে তাদের কোন ব্যস্ততা নেই। স্থানীয় এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, ম্যানেজমেন্ট এবং দলে পরিবর্তন আনার বিষয়টি বিবেচনায় রেখে আগামী ১৫ এপ্রিল বোর্ডের বৈঠক ডেকেছেন শেঠি। পাকিস্তান টেস্ট ও ওয়ানডে অধিনায়ক মিসবাহ উল হক যেহেতু টি-২০ খেলছেন না তাই হাফিজের পরিবর্তে নেতৃত্ব পেতে আফ্রিদি সবার চেয়ে এগিয়ে আছেন বলে জানা গেছে।-বাসস
