মুন্সীগঞ্জের পুলিশ সুপার প্রত্যাহার

আপডেট : ০৪ এপ্রিল ২০১৪, ২২:৩৯
দায়িত্বে অবহেলা, দুর্নীতি, অসদাচরণ ও অদক্ষতায় গজারিয়ায় নির্বাচনী সহিংসতা কারণে অবশেষে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পুলিশের সদর দপ্তরে সংযুক্ত অর্থাত্ ওএসডি করা হয়েছে। তিনি অতিরিক্ত পুলিশ সুপারের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার জানিয়েছেন, বৃহস্পতিবার রাতেই তার কাছে দায়িত্ব হস্তান্তর করে তিনি চলে গেছেন। এর আগে গজারিয়া থানার ওসিকে প্রত্যাহার করে এসপিকে এক সপ্তাহের ছুটিতে পাঠানো হয়। পরবর্তীতে এসপির অনিয়ম ও অযোগ্যতা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে প্রত্যাহার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়। এদিকে এক এএসআইয়ের হাতে সহকারী রিটার্নিং অফিসার শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনায় ১৪ দিনেও মামলা হয়নি।