পার্বত্য চট্টগ্রাম আদিবাসী সংস্কৃতি মেলা শেষ হচ্ছে আজ

আপডেট : ০৪ এপ্রিল ২০১৪, ২২:৩৯
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমপ্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতি সমুন্নত রাখতে আয়োজিত ১৩তম পার্বত্য চট্টগ্রাম আদিবাসী সংস্কৃতি মেলা শেষ হচ্ছে আজ। রাঙ্গামাটিতে গত বৃহস্পতিবার থেকে ৩ দিনব্যাপী এ মেলা শুরু হয়। জুম ঈসথেটিকস কাউন্সিল (জাক) এর উদ্যোগে রাঙ্গামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন আদিবাসী লেখক চিত্রমোহন চাকমা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়, নাট্যকার মামুনুর রশীদ ও সংস্কৃতি কর্মী শিশির চাকমা। মেলায় আদিবাসীদের ব্যাবহার্য হস্ত ও কারুশিল্প, পোশাক-পরিচ্ছেদ এবং অলংকার ও খাদ্য সামগ্রীর স্টল রয়েছে। জাকের সভাপতি এ্যাডভোকেট মিহির বরণ চাকমার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জাকের সাবেক সভাপতি ঝিমিত ঝিমিত চাকমা। অনুষ্ঠানে সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের জন্য সংস্কৃতিতে সুরেন্দ্র লাল ত্রিপুরা এবং সাহিত্য কবি সুহূদ চাকমাকে মরণোত্তর ও সাহিত্য বীর কুমার তংচংগ্যাকে জাক সম্মাননা প্রদান করা হয়। আদিবাসী মেলার দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার পরিবেশন করা হয় শুভাশিস সিনহার সম্পাদনা ও নির্দেশনায় মনিপুরী নাটক ‘কহে বীরাঙ্গনা’। আদিবাসী মেলার সমাপনী দিনে আজ শনিবার সন্ধ্যায় পরিবেশিত হবে শান্তিময় চাকমার রচনায় ও সুখময় চাকমার নির্দেশনায় এবং জুম ঈসথেটিকস কাউন্সিল (জাক) এর পরিবেশনায় চাকমা নাটক ‘দুলো পেদার দোলি নাজানা’। আদিবাসী মেলায় পার্বত্য চট্টগ্রামের ১১টি আদিবাসী সাংস্কৃতিক দল তাদের নিজস্ব সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিবেশন করেছে।