কংগ্রেস, তৃণমূলের পক্ষে দিল্লির জামে মসজিদের সমর্থন

আপডেট : ০৪ এপ্রিল ২০১৪, ২২:৫৮
সোনিয়া গান্ধীর কংগ্রেস ছাড়াও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসকে পক্ষে ভোট দেওয়ার সরাসরি আবেদন জানালেন দিল্লির জামে মসজিদের শাহী ইমাম। গতকাল শুক্রবার একটি সাংবাদিক সম্মেলনে শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি এই সমর্থনের কথা ঘোষণা করেন। মুসলিমদের জন্য কংগ্রেস অনেক কিছু করেছে বলেও মত প্রকাশ করেন তিনি। খবর জি নিউজের। কিছুদিন আগেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী সঙ্গে দেখা করেন শাহী ইমাম। গতকাল সেই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি জানিয়েছেন ‘সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে আমি মুসলিমদের সম্পর্কিত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছি। এ দেশে মুসলিম সম্প্রদায়ের জন্য করা সমস্ত প্রতিশ্রুতি পালন করতে হবে, এই শর্তেই আমি কংগ্রেসকে সমর্থনের জন্য রাজি হয়েছি।’ শুধু কংগ্রেস নয়, আরজেডিসহ কংগ্রেসের সমস্ত সহযোগী দল গুলিকে সমর্থনের কথা ঘোষণা করেছেন বুখারি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন এই নিয়ে মুসলিম সমপ্রদায়ের উপর কোনও ফতোয়া জারি করছেন না তিনি। মুসলিমদের তিনি শুধুমাত্র কংগ্রেসকে ভোট করার আবেদন করছেন মাত্র। একই সঙ্গে মমতা ব্যানার্জির ঢালাও প্রশংসা করেন তিনি। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে মুসলিমদের জন্য অনেক কিছু করেছে। মমতা ব্যানার্জি মুসলিম সম্প্রদায়ের সমস্যাগুলি গুরুত্বের সঙ্গে সমাধান করার চেষ্টা করছেন। তবে এর সঙ্গেই সমাজবাদী পার্টি ও বহুজন সমাজবাদী পার্টিকে ভোট না দেওয়ার আবেদন করেছেন তিনি। ২০০৯ সালের লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টিকে সমর্থনের কথা ঘোষণা করেছিলেন বুখারি। সাংবাদিক সম্মেলন তিনি মুলায়ম সিং যাদবের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ আনেন।