বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, আন্দোলনের প্রস্তুতি নিন। এটাই একমাত্র সমাধান। খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনে সফল হতে পারলে কারাগারে আটক বিএনপির সকল নেতাই মুক্তি পাবেন। মানববন্ধন করে কোন লাভ হবে।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠানে নজরুল ইসলাম খান এ কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনসহ দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে জাসাস কুমিল্লা জেলা (উত্তর) এই মানববন্ধনের আয়োজন করে।
নজরুল ইসলাম খান অভিযোগ করেন, বিএনপি ও বিরোধী রাজনীতিকদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতেই দ্রুত বিচার আইনের মেয়াদ বাড়িয়ে পাঁচ বছর করা হয়েছে। কারণ কারও দুই বছরের বেশি সাজা হলে সে নির্বাচনে অযোগ্য হবে। উপজেলা নির্বাচন প্রসঙ্গে নজরুল বলেন, যেখানে সূর্যোদয়ের আগেই ভোট বাক্স ভরে যায় আর মিনিটে ৬টি করে ভোটগ্রহণ হয়, সেখানে নির্বাচনে আস্থা থাকতে পারে না।
সংগঠনের সভাপতি আরিফ মাহমুদের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, জাসাস সম্পাদক মনির খান প্রমুখ।
