গত সাড়ে ৭ বছরে ৩ দফা সময় বৃদ্ধি করা হলেও শেষ হয়নি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর নির্মাণ কাজ।
২০০৬ সালের সেপ্টেম্বরে ৩১ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। নানা জটিলতা ও সমস্যার কারণে ঠিকাদারী প্রতিষ্ঠানকে ৩ দফা সময় বৃদ্ধি করা হলেও কাজ শেষ না হওয়ায় ২য় দফা টেন্ডারের কবলে পড়ে স্বাস্থ্য কমপ্লেক্সটির নির্মাণ কাজ।
এদিকে উপজেলার আশপাশে ১২ কিলোমিটারের মধ্যে কোন হাসপাতাল না থাকায় পার্শ্ববর্তী উপজেলা লাকসাম গিয়ে রোগীদের চিকিত্সা সেবা গ্রহণ করতে হয়। উপজেলা গঠনের ১০ বছর পার হতে চললেও জলাঞ্চলখ্যাত এ উপজেলার ১১টি ইউনিয়নের জনগণ হাসপাতাল না থাকার কারণে বছরের পর বছর চিকিত্সা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা মোরশেদ জানান, দীর্ঘদিন বন্ধ থাকা স্বাস্থ্য কমপ্লেক্সটির নির্মাণ কাজ সমাপ্ত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে।
