বাঘায় কমছে আবাদি জমি বাড়ছে আম বাগান

আপডেট : ০৫ এপ্রিল ২০১৪, ২১:৩৯
রাজশাহীর বাঘায় আম বাগান তৈরিসহ নানা কারণে প্রতি বছর প্রায় সাড়ে ৩ শ’ হেক্টর ফসলি জমি আবাদ থেকে হারিয়ে যাচ্ছে। এর ফলে কমে যাচ্ছে দুই হাজার মেট্রিকটন খাদ্যশস্যের উত্পাদন। প্রতিবছর নতুন নতুন আম বাগান তৈরি, নদী ভাঙ্গন, রাস্তা-ঘাট, ঘরবাড়ি তৈরি, কালভাট নির্মাণ, পোল্ট্রিফার্ম, রাইসমিল ও ইটভাটাসহ বিভিন্ন অবকাঠামো নির্মিত হওয়ায় এই জমি কমে যাচ্ছে। বাঘা পরিসংখ্যান অফিস সূত্রে জানা যায়, উপজেলায় মোট আবাদি জমি রয়েছে ৪৯ হাজার ৫৩০ হেক্টর। এর মধ্যে কৃষি জমি রয়েছে ৪১ হাজার ৭০০ হেক্টর। এই কৃষি জমির মধ্যে অস্থায়ী ফসল আবাদি জমি রয়েছে ৩৩ হাজার ২৬৬ হেক্টর। যা প্রতিনিয়তই কমছে। এর কারণ হিসাবে পরিসংখ্যান কর্মকর্তা মোকলেছুর রহমান জানান, এ অঞ্চলে কৃষকরা প্রতি বছর যে হারে আম বাগান তৈরিতে ঝুঁকছে তাতে অস্থায়ী আবাদি জমি প্রতিবছরেই কমে যাচ্ছে। সরেজমিন উপজেলার পদ্মার চরাঞ্চলসহ সমতল এলাকা ঘুরে দেখা যায়, কয়েক বছর আগেও যে সব জমিতে ফসল উত্পাদন হয়েছে সে সমস্ত জমিতে এখন মানুষ ঘর তুলে বসেছেন। এর কারণ হিসাবে চরাঞ্চলের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, প্রতিবছর নদী ভাঙ্গন হওয়ার কারণে চরাঞ্চলে এই পরিবর্তন।