সোনারগাঁওয়ে ব্যাটারি ফ্যাক্টরিতে ডাকাতি মালামাল লুট

আপডেট : ০৫ এপ্রিল ২০১৪, ২১:৪০
সোনারগাঁও পৌরসভাধীন ছাপেরবন্দ এলাকায় অবস্থিত এ এন্ড পি ব্যাটারি ফ্যাক্টরিতে গত শুক্রবার রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। জানা গেছে, গত শুক্রবার গভীর রাতে উপজেলার ছাপেরবন্দ এলাকায় অবস্থিত এ এন্ড পি ব্যাটারি ফ্যাক্টরিতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ১০/১৫ জনের একদল ডাকাত ফ্যাক্টরির ভেতরে প্রবেশ করে। এসময় ফ্যাক্টরির দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মী দুলাল চন্দ্র শীল ও রতন ভৌমিককে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে ফ্যাক্টরির প্রধান গেটের তালা কেটে ট্রাক যোগে ফ্যাক্টরির ভেতর থেকে ব্যাটারি তৈরিতে ব্যবহূত কাঁচামাল ও যন্ত্রাংশসহ প্রায় ৬০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে নিরাপত্তা কর্মীদের ডাক-চিত্কার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে। ডাকাতির ঘটনায় ব্যাটারি ফ্যাক্টরির ম্যানেজার মহিউদ্দিন আহমেদ বাদি হয়ে গতকাল শনিবার বিকালে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেছে। সোনারগাঁও থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মাদ রিজাউল হক জানান, ডাকাতির ঘটনা শুনে পরিদর্শন করেছি। এ ব্যাপারে একটি মামলা নেয়া হয়েছে।