পৃথক অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি

আপডেট : ০৫ এপ্রিল ২০১৪, ২১:৪০
মাগুরার শালিখা, লক্ষ্মীপুরের কমলনগর ও সেনবাগে অগ্নিকাণ্ডে বসতঘর, দোকান ও আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। —খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। মাগুরায় ১৩টি দোকান ভস্মীভূত মাগুরার শালিখা উপজেলার গঙ্গারামপুর বাজারে গত শুক্রবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে গেছে। এতে গার্মেন্ট, সিটকাপড়, কসমেটিক্স, মুদি দোকান, হোটেল পুড়ে যায়। প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। মাগুরার ফায়ার সার্ভিসের সদস্যরা ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। মাগুরা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মনির হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। লক্ষ্মীপুরে ৬টি দোকান পুড়ে গেছে লক্ষ্মীপুরের কমলনগরের হাজিরহাট বাজারে গত শুক্রবার রাতে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে গেছে। এতে নগদ টাকা, দোকানঘর ও মালামাল পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে আবু কোম্পানির ওয়ার্কশপ, আক্রামের স্টেশনারি অ্যান্ড কসমেটিক, সেলিম মিয়ার কনফেকশনারী দোকানসহ ৬টি দোকানের মালামালসহ সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রামগতি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মইন উদ্দিন জানান, ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। সেনবাগে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে গেছে নোয়াখালীর সেনবাগ উপজেলার লেমুয়া গ্রামে গত শুক্রবার জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের দেয়া আগুনে মাস্টার মুজিবুল হকের বাড়ি পুড়ে গেছে। এতে নগদ টাকা ও স্বর্ণালংকার, আট থেকে দশ লাখ টাকার মালামাল পুড়ে যায়। এতে জোবেদা খাতুন ও মুফতী আলাউদ্দিনসহ দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ বেলাল হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে। সেনবাগ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।